শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

মোস্তাফিজের বীরত্বে হারা ম্যাচ জিতল রংপুর, হতাশ ঢাকা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৬, ১০:১১ পিএম

মোস্তাফিজের বীরত্বে হারা ম্যাচ জিতল রংপুর, হতাশ ঢাকা

জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র ১০ রান। ক্রিজে ছিলেন সেট ব্যাটার মোহাম্মদ মিঠুন ও হার্ডহিটার সাব্বির রহমান। কিন্তু বল হাতে জাদুকরী পারফরম্যান্স দেখালেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। শ্বাসরুদ্ধকর শেষ ওভারে মাত্র ৫ রান খরচ করে রংপুর রাইডার্সকে এনে দিলেন ৫ রানের এক অবিশ্বাস্য জয়।

রোববার (৪ জানুয়ারি) বিপিএলের ম্যাচে প্রথমে ব্যাট করে ঢাকা ক্যাপিটালসকে ১৫৬ রানের লক্ষ্য দেয় রংপুর। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫০ রানে থামে ঢাকার ইনিংস।

এই হারের ফলে আসরের প্রথম ম্যাচ জেতার পর টানা তিন ম্যাচে হারের স্বাদ পেল রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি।১৮তম ওভারে মাত্র ২ রান দিয়ে শামীম পাটোয়ারীর উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মোস্তাফিজ।

১৯তম ওভারে সাব্বির রহমান ১০ রান নিলে শেষ ৬ বলে জয়ের সমীকরণ দাঁড়ায় ১০ রানে। রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান বল তুলে দেন মোস্তাফিজের হাতে। আস্থার প্রতিদান দিয়ে ফিজ মাত্র ৫ রান খরচ করেন। সাব্বির রহমান (৮ বলে ১২) এবং মোহাম্মদ মিঠুন (৩৮ বলে ৫৬ অপরাজিত) চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি।লক্ষ্য তাড়া করতে নেমে রহমানুল্লাহ গুরবাজ (২২ বলে ৩১) ও আব্দুল্লাহ আল মামুন পাওয়ার প্লেতে ৫৩ রান তুলে ভালো শুরু এনে দেন।

সাইফ হাসান ব্যর্থ হলেও (২৪ বলে ১৫), এক প্রান্ত আগলে রেখে ৩২ বলে ফিফটি তুলে নেন মোহাম্মদ মিঠুন। কিন্তু শেষরক্ষা হয়নি। রংপুরের পক্ষে কাইল মায়ার্স, আলিস আল ইসলাম, মোস্তাফিজ ও খুশদিল শাহ একটি করে উইকেট নেন।

রংপুরের ইনিংস: এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। কাইল মায়ার্স (১১), লিটন দাস (৬) ও তাওহীদ হৃদয় (০) দ্রুত ফিরলে ৩০ রানে ৩ উইকেট হারায় তারা। এরপর অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও ডেভিড মালান দলের হাল ধরেন। মালান ৩৩ বলে ৩৩ করে ফিরলেও, মাহমুদউল্লাহ ৪০ বলে ফিফটি তুলে নেন। শেষদিকে খুশদিল শাহের ২০ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংসে ৫ উইকেটে ১৫৫ রানের লড়াকু পুঁজি পায় রংপুর।