জানুয়ারি ৫, ২০২৬, ০৪:৩৮ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে প্রথমবারের মতো অংশ নিয়ে যেন অথৈ সাগরে পড়েছে নোয়াখালী এক্সপ্রেস। টানা ৪ ম্যাচ খেলেও এখনো জয়ের মুখ দেখেনি দলটি। সোমবার (৫ জানুয়ারি) নিজেদের চতুর্থ ম্যাচে সিলেটের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে নোয়াখালী।
নাসুম আহমেদের রেকর্ড গড়া স্পেলে মাত্র ৬১ রানে অলআউট হওয়া নোয়াখালীকে ৬ উইকেটে হারিয়েছে মিরাজ-নাসুমরা।
আগে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ ছিল না নোয়াখালীর। তবে চতুর্থ ওভার থেকেই শুরু হয় ব্যাটিং বিপর্যয়। দলীয় ২৮ রানে ৪ বলের ব্যবধানে জোড়া উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। ইনিংসের ১১তম ওভারে হায়দার আলীকে ফিরিয়ে তাণ্ডব শুরু করেন নাসুম।
নিজের শেষ ওভারে এসে আরও ভয়ংকর হয়ে ওঠেন তিনি; ১৩তম ওভারে টানা দুই বলে মেহেদী হাসান রানা ও জহির খানকে আউট করেন। হ্যাটট্রিক মিস করলেও পরের বলেই বিলাল সামিকে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন এই স্পিনার। মাত্র ৮ বলের ব্যবধানে ৫ উইকেট শিকার করে এক অনন্য কীর্তি গড়েন নাসুম। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি।৬২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সিলেট শুরুতেই পারভেজ ইমনের (১) উইকেট হারালেও জয় পেতে বেগ পেতে হয়নি।
তৌফিক খানের ১৮ বলে ৩২ এবং জাকির হাসানের ২৩ বলে ২৪ রানের ইনিংসে ভর করে ৬৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট। নোয়াখালীর পক্ষে ইনিংস সেরা ২৫ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন।টি-টোয়েন্টি ক্রিকেটে এমন ব্যাটিং বিপর্যয় নোয়াখালী এক্সপ্রেসের জন্য বড় এক লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিপিএলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আগামী ম্যাচগুলোতে অলৌকিক কিছু করে দেখাতে হবে তাদের। অন্যদিকে, বড় এই জয়ে পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেল সিলেট স্ট্রাইকার্স।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন