রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

টানা হারেই চলছে নোয়াখালী এক্সপ্রেস

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৮, ২০২৬, ০৮:৩৩ পিএম

টানা হারেই চলছে নোয়াখালী এক্সপ্রেস

বিপিএলের এবারের আসরে টানা হারের বৃত্ত থেকে বের হতে পারছে না নোয়াখালী এক্সপ্রেস। বড় আশা নিয়ে টুর্নামেন্ট শুরু করলেও মাঠের লড়াইয়ে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হচ্ছে দলটি। সবশেষ ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৪ উইকেটে হেরেছে তারা।

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের তিন নম্বর স্থানটি আরও মজবুত করল রাজশাহী। অন্যদিকে একের পর এক হারে খাদের কিনারে চলে গেছে নোয়াখালী।

টস জিতে আগে ব্যাট করতে নেমে এদিন ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনে নোয়াখালী। ওপেনার শাহাদাত হোসেন দিপু ও সৌম্য সরকার উদ্বোধনী জুটিতে ৫৭ রান যোগ করেন।

আগের দুই ম্যাচে রান না পাওয়া সৌম্য সরকার এদিন ৫৯ রানের কার্যকরী ইনিংস খেলেন। এছাড়া বিদেশি রিক্রুট মোহাম্মদ নবীর ৩৫ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে নোয়াখালী।

এবারের আসরে এটিই দলটির প্রথম দেড়শ ছাড়ানো স্কোর। রাজশাহীর হয়ে রিপন মণ্ডল ২ উইকেট শিকার করেন।১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার মোহাম্মদ ওয়াসিমের ঝোড়ো ব্যাটিংয়ে সহজ জয়ের পথে হাঁটে রাজশাহী। ওয়াসিম ৩৫ বলে ৬০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে দলের জয় প্রায় নিশ্চিত করে দেন।

আরেক ওপেনার তানজিদ হাসান তামিম করেন ২১ রান। মাঝে ৬টি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও ৬ বল বাকি থাকতেই জয় তুলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। নোয়াখালীর হয়ে মেহেদি হাসান রানা ৩ উইকেট নিলেও তা দলের পরাজয় এড়াতে যথেষ্ট ছিল না। ম্যাচসেরা নির্বাচিত হন মোহাম্মদ ওয়াসিম।