রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভারতের অন্য ভেন্যুতে খেলার বিষয়ে যা জানাল বিসিবি সভাপতি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১০, ২০২৬, ১০:৫১ পিএম

ভারতের অন্য ভেন্যুতে খেলার বিষয়ে যা জানাল বিসিবি সভাপতি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফরে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের আগের অবস্থানেই অনড় রয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট জানিয়েছেন, নিরাপত্তার ঝুঁকি থাকলে ভারতের কোনো ভেন্যুতেই খেলতে যাবে না টাইগাররা।

সম্প্রতি গুঞ্জন উঠেছিল যে, কলকাতা থেকে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে ভারতের অন্য কোনো শহরে নেওয়া হতে পারে। এ প্রসঙ্গে আমিনুল ইসলাম বুলবুল বলেন, “ভারতের অন্য ভেন্যুও তো ভারতেরই অংশ।

ভেন্যু পরিবর্তন এখানে মূল সমাধান নয়। আমরা নিরাপত্তার প্রশ্নে বিশ্বকাপে অংশ না নেওয়ার যে অবস্থানে ছিলাম, এখনো সেখানেই আছি। তবে এটি বোর্ডের একক সিদ্ধান্ত নয়, সরকারের সাথে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিসিবি সভাপতি জানান, নিরাপত্তা শঙ্কা নিয়ে আইসিসি-কে পাঠানো শেষ চিঠিতে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। শনি ও রবিবার দুবাইয়ে সাপ্তাহিক ছুটি থাকায় আইসিসি থেকে এখনও কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি। বিসিবি আশা করছে, আগামী সোম বা মঙ্গলবার আইসিসির কাছ থেকে প্রতিক্রিয়া পাওয়া যাবে।মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের অবনতি ঘটে।

এরপর থেকেই বিসিবি নিরাপত্তার কারণে বিশ্বকাপে ভারতের পরিবর্তে সহ-আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছে।এদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, এটি সম্পূর্ণ আইসিসির এখতিয়ারভুক্ত বিষয় এবং বিসিসিআই এখানে হস্তক্ষেপ করবে না।