জানুয়ারি ১৬, ২০২৬, ১১:২৩ পিএম
বিপিএলের চলতি আসরে শেষ মুহূর্তের নাটকীয়তায় সিলেট টাইটান্সকে ৫ রানে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স। শুক্রবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত এই জয়ে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দুইয়ে নিজেদের অবস্থান প্রায় সুসংহত করল নাজমুল হোসেন শান্তর দল।
১৪৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে ১৪২ রানে থামে সিলেটের ইনিংস। লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বিপদে পড়ে সিলেট। মিরাজ ও তৌফিক দ্রুত ফিরলে মুমিনুল ও পারভেজ ইমন ইনিংস গড়ার চেষ্টা করলেও রানের গতি ছিল মন্থর।
শেষ দিকে মঈন আলী ১২ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলে ম্যাচ জমিয়ে তুললেও ১৯তম ওভারে রিপন মণ্ডলের বলে আউট হলে সিলেটের আশা শেষ হয়ে যায়। রাজশাহীর হয়ে রিপন মণ্ডল ৪ ওভারে ৩৪ রান দিয়ে গুরুত্বপূর্ণ ৪টি উইকেট শিকার করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১৪৭ রান সংগ্রহ করে রাজশাহী। দুই ওপেনার দ্রুত বিদায় নিলেও অধিনায়ক নাজমুল শান্ত (৩৪) ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের (৪০) ৫৬ রানের জুটিতে চ্যালেঞ্জিং স্কোর পায় দলটি। সিলেটের হয়ে শহিদুল ইসলাম ও নাসুম আহমেদ দুটি করে উইকেট নেন। শেষ পর্যন্ত বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন