শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

রাজশাহীকে হারিয়ে বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়েলস

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২০, ২০২৬, ১১:১৯ পিএম

রাজশাহীকে হারিয়ে বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়েলস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি মৌসুমে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়েলস। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ প্রথম কোয়ালিফায়ারে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শেখ মেহেদি হাসানের দল। এই জয়ের মাধ্যমে তারা সরাসরি শুক্রবারের গ্র্যান্ড ফিনালেতে খেলার যোগ্যতা অর্জন করল।

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রাজশাহী ওয়ারিয়র্স। তবে চট্টগ্রামের বোলারদের তোপে পড়ে শুরুতেই ব্যাটিং ধসে পড়ে তারা। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় মাত্র ১৩৩ রান। 

দলের পক্ষে ওপেনার তানজিদ হাসান তামিম ৩৭ বলে সর্বোচ্চ ৪১ রান করেন। ইনিংসের শেষ দিকে আব্দুল গফফার সাকলাইনের ১৫ বলে ৩২ রানের ক্যামিও ইনিংসের কল্যাণে সম্মানজনক পুজি পায় রাজশাহী। সাকলাইনের ইনিংসে ছিল দুটি চার ও তিনটি ছক্কার মার।

১৩৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রাম রয়েলসকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার মিরাজ বেগ ও মোহাম্মদ নাইম। উদ্বোধনী জুটিতেই তারা যোগ করেন ৬৪ রান। নাইম ৩৮ বলে ৩০ রান করে বিদায় নিলেও অপরপ্রান্তে ধৈর্যশীল ব্যাটিং করেন মিরাজ বেগ। তিনি ৪৭ বলে ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। জয়ের জন্য যখন মাত্র ১০ রান বাকি, তখন মিরাজ সাজঘরে ফিরলেও দলের জয় নিয়ে কোনো সংশয় থাকেনি। মাঝে হাসান নওয়াজ ১৪ বলে ২০ এবং আসিফ আলি ৮ বলে ১১ রান করেন।

শেষ দিকে অধিনায়ক শেখ মেহেদি হাসান নিজেই হাল ধরেন। আমের জামেলকে সঙ্গে নিয়ে দ্রুত খেলা শেষ করেন তিনি। মেহেদি মাত্র ৯ বলে দুটি ছক্কায় ১৯ রান করে অপরাজিত থাকেন। চট্টগ্রামের এই দাপুটে জয়ে রাজশাহীর বোলাররা তেমন কোনো সুবিধা করতে পারেননি। ফলে প্রথম সুযোগেই ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে চট্টগ্রাম রয়েলস।

অন্যদিকে, দিনের অপর ম্যাচে এলিমিনেটরে রংপুর রাইডার্সকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে সিলেট টাইটানস। বুধবার মিরপুরেই দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সিলেট ও রাজশাহী। এই গুরুত্বপূর্ণ ম্যাচের জয়ী দল শুক্রবারের ফাইনালে চট্টগ্রামের মুখোমুখি হবে। প্রথম কোয়ালিফায়ারে হারলেও ফাইনালের পথে আরও একটি সুযোগ পাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স।