শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬,

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২২, ২০২৬, ০৬:৩৫ পিএম

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ

নিরাপত্তাশঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপগামী ক্রিকেটারদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলের দীর্ঘ বৈঠকের পর এই ঘোষণা আসে। বৈঠক শেষে আসিফ নজরুল গণমাধ্যমকে স্পষ্ট জানান যে, ভারতে খেলোয়াড়দের নিরাপত্তার যে ঝুঁকি তৈরি হয়েছে

তা বদলানোর কোনো প্রেক্ষাপট বর্তমানে নেই। ফলে বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশের ভারতে যাওয়ার সিদ্ধান্তে ফেরার কোনো সুযোগ নেই।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, আইসিসি বাংলাদেশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেও একটি বিশ্ব সংস্থার এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশ তার সিদ্ধান্তে অটল থেকে ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। 

তবে আইসিসি গতকালই জানিয়ে দিয়েছে যে, সূচি পরিবর্তনের কোনো সুযোগ নেই এবং বাংলাদেশ না খেললে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে গ্রুপ ‘সি’-তে অন্তর্ভুক্ত করা হবে। আসিফ নজরুল অভিযোগ করেছেন যে, আইসিসি বাংলাদেশের যৌক্তিক দাবির প্রতি সুবিচার করেনি, যা প্রায় ২০০ মিলিয়ন ক্রিকেটপ্রেমী মানুষের আবেগ ও অধিকারকে অবজ্ঞা করার শামিল।এই সংকটের মূলে রয়েছে আইপিএলে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে সুনির্দিষ্ট কারণ ছাড়া বাদ দেওয়া এবং উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠনের ক্রমাগত হুমকি। 

বিসিবির দাবি, যেখানে একজন খেলোয়াড়কে ভারত সরকার নিরাপত্তা দিতে পারেনি, সেখানে পুরো দল, স্টাফ ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব। যদিও আইসিসি মুস্তাফিজের ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ বলে উড়িয়ে দিয়েছে, কিন্তু বাংলাদেশ সরকার ও বিসিবি একে জাতীয় নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন হিসেবে দেখছে। আজকের এই চূড়ান্ত ঘোষণার পর বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ভবিষ্যৎ এবং আইসিসির সাথে সম্পর্কের সমীকরণ কোন দিকে যায়, তা নিয়ে এখন চলছে ব্যাপক আলোচনা।