শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

বাংলাদেশ তো বিশ্বকাপ বর্জন করল, পাকিস্তান কি কথা রাখবে?

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২২, ২০২৬, ১০:৩৯ পিএম

বাংলাদেশ তো বিশ্বকাপ বর্জন করল, পাকিস্তান কি কথা রাখবে?

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিসিবি তাদের এই অনড় অবস্থানের কথা জানিয়ে দেয়। বাংলাদেশের এই কঠোর সিদ্ধান্তের পর এখন ক্রিকেট বিশ্বে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—পাকিস্তান কি তাদের দেওয়া কথা রাখবে? নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ অংশ না নিলে পাকিস্তানও বিশ্বকাপ বর্জনের যে ইঙ্গিত দিয়েছিল, তা কি তারা বাস্তবে রূপ দেবে?

সাবেক পাকিস্তানি অধিনায়ক রশিদ লতিফ মনে করেন, বর্তমান বিশ্ব ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর এটাই সেরা সময়। একটি ইউটিউব শো-তে তিনি বলেন, যদি পাকিস্তানও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তবে এই টুর্নামেন্টের ৫০ শতাংশ আবেদনই শেষ হয়ে যাবে। 

লতিফের মতে, আইসিসি ও এসিসি মূলত ভারত-পাকিস্তান ম্যাচের বিপুল বাণিজ্যিক আয়ের ওপর নির্ভরশীল। পাকিস্তান না খেললে আইসিসি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে, যা তাদের ওপর চাপ তৈরির মোক্ষম হাতিয়ার হতে পারে।

লতিফ আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের অবস্থান নৈতিকভাবে সঠিক। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় যে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে, তা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, “ট্রাম্প কার্ড এখন পাকিস্তানের হাতে। শুধু কথায় কাজ হবে না, এখনই সময় কাজ করে দেখানোর। পাকিস্তান যদি আইসিসি ইভেন্ট বর্জন করে তবে ভবিষ্যতে নিষেধাজ্ঞা আসতে পারে, কিন্তু আত্মমর্যাদার জন্য এই ঝুঁকি নেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, আইসিসি গতকালই জানিয়ে দিয়েছে যে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, অন্যথায় তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে। বাংলাদেশ সেই আল্টিমেটাম প্রত্যাখ্যান করায় এখন নজর পাকিস্তানের দিকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগেই জানিয়েছিল, বাংলাদেশেরmatchগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর না করা হলে তারাও নিজেদের সিদ্ধান্তের পুনর্মূল্যায়ন করবে। এখন দেখার বিষয়, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মাটিতে পাকিস্তান শেষ পর্যন্ত মাঠে নামে কি না, নাকি বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বর্জনের পথে হাঁটে।