জানুয়ারি ২৩, ২০২৬, ১০:৩৪ এএম
অনেক জল্পনা-কল্পনা আর আলোচনার আড়ালে অনেকটা ‘নীরবেই’ চলে এলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। তবে ফাইনালকে ঘিরে মাঠের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরের বিতর্কই বেশি আলোচনায়।
টুর্নামেন্ট শেষ হতে চললেও প্রথাগত ট্রফি উন্মোচন বা দুই অধিনায়কের আনুষ্ঠানিক ফটোসেশন পর্যন্ত হয়নি। আয়োজকরা শেষ মুহূর্তে আজ খেলা শুরুর আগে ট্রফি উন্মোচনের সিদ্ধান্ত নিয়েছেন।
চট্টগ্রামের জন্য এই ফাইনালটি ইতিহাস গড়ার সুযোগ। বিভিন্ন নামে এর আগে ফাইনালে খেললেও চট্টগ্রামের কোনো দল এখন পর্যন্ত বিপিএলের শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি। এবার শেখ মাহেদীর নেতৃত্বে সেই আক্ষেপ ঘোচাতে চায় দলটি।
অন্যদিকে, রাজশাহী এর আগেও শিরোপার স্বাদ পেয়েছে, তবে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে তারা দ্বিতীয়বারের মতো সমর্থকদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ দিতে চায়। রাজশাহীর বড় শক্তি নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। প্রথমবার বিপিএল খেলতে এসেই দলকে ফাইনালে তোলা এই কিউই তারকা শিরোপা জিতেই মাঠ ছাড়তে মুখিয়ে আছেন।টুর্নামেন্টের শুরুটা চট্টগ্রামের জন্য খুব একটা সুখকর ছিল না। ফ্র্যাঞ্চাইজি মালিকরা দায়িত্ব ছেড়ে দেওয়ার পর বিসিবিকেই এই দলটির ভার নিতে হয়েছিল।
সেই প্রতিকূলতা পেরিয়ে ফাইনালে উঠে অধিনায়ক শেখ মাহেদী দারুণ আত্মবিশ্বাসী। তিনি বলেন, “ফাইনালে যেহেতু উঠেছি, শিরোপার স্বপ্ন তো দেখবই। যারা তিন বিভাগেই ভালো খেলবে, ট্রফি তাদের হাতেই উঠবে।” অন্যদিকে, প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামের কাছে হারলেও ফাইনালে তার প্রতিশোধ নিতে মরিয়া নাজমুল হোসেন শান্তর রাজশাহী।
বিপিএলের ইতিহাসে অন্যতম নিরুত্তাপ এই ফাইনাল ঘিরে বিসিবি কিছু বর্ণিল আয়োজনের কথা বললেও, মাঠের লড়াইয়ে উত্তাপ ছড়াবে কি না তা সময়ই বলে দেবে। মিরপুরের উইকেটে স্পিনাররা দাপট দেখাবেন নাকি উইলিয়ামসনের ব্যাটে রান উৎসব হবে—তা দেখতে মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন