শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

ভিয়েতনামের বিপক্ষে বড় হার বাংলাদেশের

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৬, ২০২৬, ০৮:১৬ পিএম

ভিয়েতনামের বিপক্ষে বড় হার বাংলাদেশের

ভিয়েতনামের বড় জয়

ফিফা প্রীতি ম্যাচে শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার ভিয়েতনামের মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিকদের কাছে ৩-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের পুরো প্রথমার্ধ জুড়ে ভিয়েতনামের দাপুটে ফুটবল ও বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। 

প্রথম ৪৫ মিনিটের মধ্যেই তিন গোল হজম করে বাংলাদেশ মূলত ম্যাচ থেকে ছিটকে যায়। যদিও দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কিছুটা গুছিয়ে খেলে গোল হজম করা থেকে বিরত ছিল কিন্তু লক্ষ্যভেদে ব্যর্থ হওয়ায় বড় ব্যবধানের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।

ম্যাচ শুরু হতে না হতেই স্বাগতিক দল গোলের দেখা পায়। মাত্র ৮ মিনিটের মাথায় সতীর্থের কাছ থেকে দারুণ এক পাস পেয়ে বাংলাদেশের জালে বল জড়ান ভিয়েতনামের তুয়ান হাই। 

গোল হজম করার পর বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করলেও ভিয়েতনামের আক্রমণের গতি সামলাতে হিমশিম খেতে হয়। ১৭ মিনিটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ একটি নিশ্চিত গোল ঠেকিয়ে দিয়ে দলের ব্যবধান বাড়তে দেননি। এনগুয়েন হোয়াংয়ের একটি শক্তিশালী ভলি দারুণ দক্ষতায় রুখে দিয়েছিলেন তিনি। তবে এর মাত্র এক মিনিট পরেই একটি সেট পিস থেকে আবারো গোল হজম করতে হয় বাংলাদেশকে।ম্যাচের ১৮তম মিনিটে দো দুই মাহন বাংলাদেশের গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান ২-০ করেন। 

বিরতির ঠিক আগে ৩৮ মিনিটে বাংলাদেশের ডিফেন্ডার তারিক কাজীর একটি ভুলের সুযোগ নিয়ে বক্সে ঢুকে পড়েন এনগুয়েইন হাই লং। অত্যন্ত ঠান্ডা মাথায় ডান দিক দিয়ে নিচু শটে তিনি দলের তৃতীয় গোলটি করেন। বিরতির পর বাংলাদেশ দল রক্ষণভাগ কিছুটা সামলে নিলেও ভিয়েতনামের গোলমুখে বড় কোনো হুমকি তৈরি করতে পারেনি। ফলে শেষ পর্যন্ত ৩-০ গোলের হার মেনেই মাঠ ছাড়তে হয় কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের। এই পরাজয়ের ফলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি আবারো প্রকট হয়ে ধরা দিল।