সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে ফিরেছেন

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৯, ২০২৬, ১২:৩৬ পিএম

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে ফিরেছেন

ঢাকায় বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দীর্ঘ সময় দেশের বাইরে থাকার পর অবশেষে ঢাকায় ফিরেছেন। শনিবার মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিডনি থেকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিসিবি সভাপতির বিদেশ সফর এবং দেশে ফেরা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে ক্রীড়াঙ্গনে নানা ধরনের গুঞ্জন ও জল্পনা তৈরি হয়েছিল। 

বিশেষ করে পবিত্র রমজান মাসের আগে দেশ ছাড়ার পর তার ফিরে আসার সময়সীমা নিয়ে এক ধরণের অনিশ্চয়তা দেখা দেয়। ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা এর আগে দাবি করেছিলেন যে, তিনি পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে ২৬ বা ২৭ মার্চের মধ্যে দেশে ফিরবেন। 

নির্ধারিত সময়ের একদিন পর ২৯ মার্চ তার ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের একাধিক পরিচালক।আমিনুল ইসলাম বুলবুলের এই ফিরে আসা এমন এক সময়ে ঘটল যখন বিসিবির গত অক্টোবরের নির্বাচন নিয়ে বড় ধরনের তদন্ত প্রক্রিয়া চলছে।

 রাজধানীর বিভিন্ন ক্লাব এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার বেশ কয়েকজন সংগঠক ওই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও সরকারি হস্তক্ষেপযুক্ত বলে দাবি করেছেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আগামী এপ্রিল মাসের শুরুর দিকেই এই তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নির্বাচন প্রক্রিয়ায় আমিনুল ইসলাম বুলবুলের ব্যক্তিগত ভূমিকা এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাছে তার কাউন্সিলরশিপ চাওয়ার বিষয়টি নিয়েও আইনি বিতর্ক রয়েছে। অভিযোগকারীরা মনে করেন, গত নির্বাচনে স্বচ্ছতার অভাব ছিল এবং এতে খোদ সভাপতির কর্মকাণ্ডও ছিল বিতর্কিত। জানা গেছে, দেশের বাইরে থাকাকালীন তদন্ত কমিটি তার সঙ্গে একাধিকবার অনলাইনে যোগাযোগ করেছে। 

তবে এখন তিনি সশরীরে উপস্থিত থাকায় তাকে তদন্ত কমিটির সামনে দাঁড়িয়ে জবানবন্দি দিতে হবে। দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে আমূল পরিবর্তন আসবে কি না, তা মূলত এই তদন্ত প্রতিবেদনের ওপরই নির্ভর করছে। বর্তমানে বিসিবি সভাপতিকে কেন্দ্র করে ক্রীড়া মহলে এখন নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে।