রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কেন বিসিবি নির্বাচনে লড়ছেন জানালেন তামিম ইকবাল

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ০৫:৪০ পিএম

কেন বিসিবি নির্বাচনে লড়ছেন জানালেন তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দেশের ক্রিকেটের দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম এই আগ্রহের কথা জানান।

চলতি মাসেই বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাকে তিন মাসের জন্য এই দায়িত্ব দিয়েছে। দায়িত্ব নেওয়ার পর নিজের লক্ষ্য সম্পর্কে তামিম বলেন, প্রথম সংবাদ সম্মেলনেই তিনি পরিষ্কার করেছিলেন যে পরবর্তী নির্বাচনে সভাপতি পদে লড়বেন।

সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেন, তাকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রাপ্য বলে তিনি মনে করেন। তার মতে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই যোগ্য নেতৃত্ব নিশ্চিত করা সম্ভব।

আগের বোর্ড প্রশাসনের সমালোচনা করে তামিম বলেন, সম্প্রতি দেশের ক্রিকেট স্থবির হয়ে পড়েছিল এবং খেলোয়াড়রা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি চান না ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি হোক। নির্বাচনে জয়ী হলে নিজের পরিকল্পনাগুলো বাস্তবায়নে কাজ শুরু করবেন বলে জানান তিনি।তিন মাসের নির্ধারিত মেয়াদের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বর্তমান বিসিবি প্রধান। তিনি জানান, নির্ধারিত সময়ের আগেই সব প্রক্রিয়া শেষ করার চেষ্টা চলছে।

অধিনায়ক ও বোর্ড সভাপতির দায়িত্বের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে বলে মনে করেন তামিম। তিনি বলেন, অধিনায়ক হিসেবে কেবল মাঠের খেলা ও খেলোয়াড়দের নিয়ে ভাবতে হয়। তবে বোর্ড সভাপতি হিসেবে দেশের ক্রিকেটের সামগ্রিক উন্নয়ন, কোচিং স্টাফ এবং বোর্ডের কর্মীদের স্বার্থে সিদ্ধান্ত নিতে হয়। এখানে আবেগের চেয়ে দেশের ক্রিকেটের ভবিষ্যৎকে বেশি গুরুত্ব দিতে হয়।

সম্প্রতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের এই অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। এই কমিটির মাধ্যমেই বিসিবির পরবর্তী নির্বাচনের রূপরেখা তৈরি করা হচ্ছে।