রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নেইমারের নতুন আকাশযান: বিলাসবহুল জেটের দাম কত?

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ১১:৪১ এএম

নেইমারের নতুন আকাশযান: বিলাসবহুল জেটের দাম কত?

ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমার জুনিয়র আবারও শিরোনামে উঠে এসেছেন। তবে এবার মাঠের কোনো জাদুকরী পারফরম্যান্সের জন্য নয়, বরং তার বিলাসবহুল জীবনযাপনের নতুন এক সংযোজন নিয়ে। ক্যারিয়ারের এই পর্যায়ে শৈশবের ক্লাব সান্তোসে ফেরা এই তারকা সম্প্রতি প্রায় ৩৭ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭৫ কোটি টাকা) খরচ করে একটি অত্যাধুনিক প্রাইভেট জেট কিনেছেন।

নেইমারের কেনা নতুন এই বিমানটি ‘ডাসল্ট ফ্যালকন ৯০০ এলএক্স’ (Dassault Falcon 900LX) মডেলের। এটি মূলত উচ্চগতি এবং দীর্ঘ দূরত্ব পাড়ি দেওয়ার সক্ষমতার জন্য বিশ্বজুড়ে পরিচিত। 

এই জেটটি ঘণ্টায় প্রায় ১ হাজার কিলোমিটার গতিতে উড়তে পারে এবং একটানা প্রায় ৮ হাজার ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। ফলে দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপ বা মধ্যপ্রাচ্যে কোনো বিরতি ছাড়াই যাতায়াত করতে পারবেন নেইমার।

বিলাসবহুল এই জেটের অভ্যন্তরভাগ কোনো রাজপ্রাসাদের চেয়ে কম নয়। এতে ১২ থেকে ১৪ জন যাত্রী অত্যন্ত আরামদায়কভাবে ভ্রমণ করতে পারেন। বিমানের ভেতরে রয়েছে বিছানায় রূপান্তরযোগ্য সিট, অত্যাধুনিক বিনোদন ব্যবস্থা, হাই-স্পিড ইন্টারনেট সংযোগ এবং একটি মিটিং স্পেস। এ ছাড়া এর কেবিনটি সম্পূর্ণ শব্দরোধী, যা যাত্রীদের আকাশে ভাসমান এক শান্ত পরিবেশ নিশ্চিত করে।

তবে এই প্রাইভেট জেটই নেইমারের একমাত্র আকাশযান নয়। তার সংগ্রহে রয়েছে প্রায় ৮ মিলিয়ন ইউরো মূল্যের একটি এয়ারবাস এইচ১৪৫ (Airbus H145) হেলিকপ্টার। শুধু আকাশপথেই নয়, স্থলের শৌখিন সংগ্রহেও নেইমার পিছিয়ে নেই। জনপ্রিয় সিনেমা ‘দ্য ডার্ক নাইট’-এর ব্যাটমোবাইলের একটি রেপ্লিকাও রয়েছে তার সংগ্রহে, যার বাজারমূল্য প্রায় ২ মিলিয়ন ইউরো। বর্তমানে সান্তোসের হয়ে খেলা এই ফুটবলার নিজের ক্যারিয়ারের সায়াহ্নে এসেও জীবনযাপনের রাজকীয়তায় ভক্তদের চমকে দিচ্ছেন।