সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

চব্বিশের উত্তাল সময়ে সাকিবকে যে প্রশ্নটি কষ্ট দিয়েছিল

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ০৪:১১ পিএম

চব্বিশের উত্তাল সময়ে সাকিবকে যে প্রশ্নটি কষ্ট দিয়েছিল

একটা সময় মনে হয়েছিল হয়তো দেশের মাটিতে আর ফেরা হবে না সাকিব আল হাসানের। তবে সময়ের পরিক্রমায় সেই শঙ্কা এখন অনেকটাই দূর হয়েছে। বিশেষ করে তামিম ইকবাল ক্রিকেট বোর্ডে আসার পর সাকিবের আশার পালে নতুন করে হাওয়া লেগেছে। সাবেক এই শীর্ষ অলরাউন্ডার এখন স্বপ্ন দেখছেন দেশের মাঠে খেলে ক্রিকেটকে বিদায় জানানোর।

সম্প্রতি স্পোর্টস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব ২০২৪ সালের সেই উত্তাল দিনগুলোর অম্লমধুর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কিছু হাসিখুশি ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ওই সময় কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলার সময় এক টাইগার সমর্থক তাঁকে সরাসরি প্রশ্ন করেন— আপনি দেশের জন্য কী করেছেন?

সাকিব জানান, সেই সমর্থকের এমন প্রশ্নে তিনি ভীষণ কষ্ট পেয়েছিলেন। দেশের হয়ে এত বছর সুনামের সঙ্গে ক্রিকেট খেলার পর কেউ তাঁকে এমন প্রশ্ন করতে পারেন—তা ভেবে তিনি মুষড়ে পড়েছিলেন। সাকিব বলেন, সেটি তাঁর জন্য খুব কঠিন সময় ছিল। 

সেই সময় তিনি পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিলেন। তবে পরিবার পাশে ছিল বলেই তিনি সেই শক্তিটুকু পেয়েছিলেন।কানাডায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার সময় মনোনিবেশ করা কঠিন ছিল উল্লেখ করে সাকিব বলেন, কিছু দর্শক প্রশ্ন তুলেছিল আমি দেশের জন্য কী করেছি—এটা শুনে খুব খারাপ লেগেছিল। প্রায় দুই দশক দেশের প্রতিনিধিত্ব করার পর এমন প্রশ্নের উত্তর কী দেব তা আমি বুঝতে পারিনি। পরে আমার মনে হয়েছে এগুলো পরিকল্পিত ছিল। ওই সময় পরিস্থিতির কারণে আমাকে দেশের বাইরেই থাকতে বলা হয়েছিল।

চব্বিশের সেই সময়ের পর থেকে সাকিব আল হাসান আর দেশে ফিরতে পারেননি। তবে এখন পরিস্থিতি বদলেছে। তামিম ইকবালের নেতৃত্বে ক্রিকেট বোর্ডের নতুন পরিকল্পনা সাকিবকে আশাবাদী করে তুলেছে। তিনি মনে করেন, ঘরের মাঠে দর্শকদের সামনে শেষ ম্যাচ খেলে বিদায় নিতে পারাটাই হবে তাঁর দীর্ঘ ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি।