রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

থাইল্যান্ডে নারী ফুটবল দলের প্রস্তুতিতে মাঝমাঠে বিশেষ জোর

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১০, ২০২৬, ০৮:৪২ পিএম

থাইল্যান্ডে নারী ফুটবল দলের প্রস্তুতিতে মাঝমাঠে বিশেষ জোর

আসন্ন নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে মাঠের গুরুত্বপূর্ণ বিভাগগুলোর সমন্বয় গড়ার দিকে বিশেষ মনোযোগ দিচ্ছে বাংলাদেশ। ভারতের গোয়ায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের আগে থাইল্যান্ডে ক্যাম্প করছে টানা দুবারের চ্যাম্পিয়নরা। আজ রোববার তৃতীয় সেশনের অনুশীলনে মাঝমাঠের সঙ্গে রক্ষণ ও আক্রমণভাগের সংযোগ গড়ার কাজে সময় ব্যয় করেছেন প্রধান কোচ পিটার বাটলার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে পাঠানো এক ভিডিও বার্তায় দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল প্রস্তুতির বিস্তারিত জানিয়েছেন। তিনি জানান, দলের সার্বিক অবস্থা ভালো এবং কোনো খেলোয়াড়ের ইনজুরি সমস্যা নেই। 

রোববারের সেশনে মূলত ডিফেন্ডার এবং মিডফিল্ডারদের মধ্যে যে বোঝাপড়া দরকার, সেটি নিয়ে কাজ করা হয়েছে। অনুশীলনের ধকল কাটাতে সেশন শেষে ফুটবলাররা আইসবাথ বা রিকভারি সেশনে অংশ নেন।

প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ডে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। সোমবার দল প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে মাঠে নামবে। কোচিং স্টাফরা মনে করছেন, এই ম্যাচগুলো সাফের জন্য খুবই সহায়ক হবে। বিশেষ করে দলে আসা নতুন খেলোয়াড়দের ভূমিকা এবং কৌশলের কার্যকারিতা যাচাইয়ের সুযোগ তৈরি হবে এই ম্যাচগুলোর মাধ্যমে। আগামী ২১ মে থাইল্যান্ড ছাড়ার আগে ১৩ মে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে লাল-সবুজদের।

উল্লেখ্য, বাংলাদেশ নারী দল ২০২২ সালে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে। ২০২৪ সালেও তারা সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সক্ষম হয়। তবে টানা দ্বিতীয়বার শিরোপা জেতার পর দলের ভেতরে নানা অভ্যন্তরীণ জটিলতা তৈরি হয়। প্রধান কোচ পিটার বাটলার দলের সিনিয়র ও প্রতিষ্ঠিত ফুটবলার সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভিন ও নিলুফার ইয়াসমিন নীলাদের ছাড়াই পরিকল্পনা সাজিয়েছেন।

সিনিয়রদের ছাড়াই বাংলাদেশ দল এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্বে সাফল্য পেয়েছিল। সেই ধারাবাহিকতায় আসন্ন সাফেও অভিজ্ঞ খেলোয়াড়দের ছাড়াই মাঠে নামার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মাঠের মাঝমাঠ ও রক্ষণের এই বিশেষ প্রস্তুতি গোয়ার মাঠে কতটুকু কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়।