শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

বিশ্বকাপ অভিষেকে মেসির পথে ইয়ামাল

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৭, ২০২৬, ১০:০৯ পিএম

বিশ্বকাপ অভিষেকে মেসির পথে ইয়ামাল

বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো পা রাখতে যাচ্ছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। নিজের অভিষেক আসরেই তিনি কিংবদন্তিদের জার্সি নম্বর গায়ে চাপিয়ে মহারণের মঞ্চ মাতাবেন। এই বিশ্বকাপে ইয়ামাল পরবেন ১৯ নম্বর জার্সি।চমৎকার একটি কাকতালীয় বিষয় হলো, ২০০৬ সালে নিজের প্রথম বিশ্বকাপে লিওনেল মেসিও এই ১৯ নম্বর জার্সি পরে খেলেছিলেন।

স্পেন বিশ্বকাপের জন্য তাদের আনুষ্ঠানিক জার্সি নম্বর প্রকাশ করেছে। বার্সেলোনায় ১০ নম্বর জার্সি পরলেও জাতীয় দলে ইয়ামাল পরবেন তার পরিচিত ১৯ নম্বর জার্সি। স্পেনের ১০ নম্বর জার্সিটি এবার পেয়েছেন দানি ওলমো।

মাত্র ১৮ বছর বয়সেই ইয়ামালকে স্পেনের সবচেয়ে বড় ভরসা মনে করা হচ্ছে। তাই ১৯ নম্বর জার্সিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০০৬ সালে জার্মানির মাটিতে মেসি যখন সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে গোল করে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় তরুণ তারকায় পরিণত হয়েছিলেন, তখন তার গায়েও ছিল এই নম্বর। পরে অবশ্য মেসি আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির উত্তরাধিকারী হয়ে ওঠেন।

১৯ নম্বর জার্সির সাথে জড়িয়ে আছে জার্মান কিংবদন্তি মারিও গোটসের নামও। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করার সময় তার জার্সি নম্বর ছিল ১৯। এছাড়া স্পেনের সাবেক স্ট্রাইকার হুলিও সালিনাসও তিনটি বিশ্বকাপে এই নম্বরটি ব্যবহার করেছেন।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে খেলবে স্পেন। আর এই অভিযানে তরুণ ইয়ামালের আলো ছড়ানোর অপেক্ষায় স্প্যানিশ ভক্তরা। ১৯ নম্বর জার্সি পরে তিনি যদি মেসির মতোই সফল হতে পারেন, তবে তার বিশ্বকাপ যাত্রার শুরুর গল্পটিও একদিন কিংবদন্তির অংশ হয়ে যাবে।