জুন ৭, ২০২৬, ১১:৩২ পিএম
অর্থনীতির কঠিন হিসাব-নিকাশ ছেড়ে চার বছর পরপর ফুটবলের আনন্দে মেতে ওঠেন অর্থনীতিবিদরা। আসছে বিশ্বকাপ সামনে রেখে বিশ্বের ১৬০ জন অর্থনীতিবিদের ওপর জরিপ চালিয়েছে বৈশ্বিক বার্তা সংস্থা রয়টার্স। এই জরিপে উঠে এসেছে চমকপ্রদ তথ্য।অর্থনীতিবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৯ জুলাই ফাইনালে স্পেনকে হারিয়ে শিরোপা জিতবে ফ্রান্স।
জরিপে ৩৫ শতাংশ ভোট পেয়ে তালিকার শীর্ষে রয়েছে ফরাসিরা। ৩১ শতাংশ ভোট নিয়ে স্প্যানিশরা রয়েছে দ্বিতীয় অবস্থানে। শীর্ষ পাঁচ দলের বাকি তিনটি হলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, পর্তুগাল ও ইংল্যান্ড।
এই ভবিষ্যদ্বাণী সত্যি হলে কোচ দিদিয়ের দেশম ফুটবল ইতিহাসে অনন্য উচ্চতায় পৌঁছাবেন। ইতালির ভিত্তোরিও পোজ্জোর পর দ্বিতীয় কোচ হিসেবে তিনি দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বেন। একইসঙ্গে খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের পর আবারও কোচ হিসেবে ট্রফি ছোঁয়ার রেকর্ড হবে তার।
জরিপে অংশ নেওয়া ৭৩ শতাংশ অর্থনীতিবিদ জানিয়েছেন, কোনো গাণিতিক মডেল নয়, বরং মনের সহজাত অনুভূতি থেকেই তারা এমন অনুমান করেছেন। ২০ শতাংশ পেশাদার গাণিতিক মডেল অনুসরণ করেছেন এবং ৮ শতাংশ দেশের প্রতি অন্ধ ভালোবাসার জায়গা থেকে দল পছন্দ করেছেন।সবচেয়ে হতাশাজনক দল হিসেবে এক-তৃতীয়াংশ অর্থনীতিবিদ ব্রাজিলের নাম উল্লেখ করেছেন। এরপরই রয়েছে ইংল্যান্ড ও জার্মানি। অন্যদিকে, সম্ভাব্য আন্ডারডগ হিসেবে ২১ শতাংশ ভোট নিয়ে শীর্ষে রয়েছে নরওয়ে। ১৫ শতাংশ ভোট নিয়ে এরপরই রয়েছে জাপান।
৪৮ দলের এই বিশ্বকাপে ম্যাচ হবে মোট ১০৪টি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এই মহাযজ্ঞে মাঠের লড়াই মাঠের পারফরম্যান্সেই নির্ধারিত হবে। এখন দেখার বিষয়, অর্থনীতিবিদদের খাতা-কলম আর অনুভূতির হিসাব বাস্তবতার সঙ্গে কতটা মিলে যায়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন