জুন ২৪, ২০২৬, ০৬:৩০ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলগতভাবে আশানুরূপ সাফল্য না পেলেও ব্যক্তিগত অর্জনে বড় স্বস্তির খবর পেয়েছে স্বাগতিক শিবির। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ প্রকাশিত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ, ব্যাটসম্যান সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের।এর মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের।
সিরিজের প্রথম ম্যাচে একাদশে সুযোগ না পেলেও পরের দুটি ম্যাচে তিন উইকেট শিকার করেন তিনি। এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনি একলাফে ২৭ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ১১ নম্বরে উঠে এসেছেন। যদিও এর আগে টি-টোয়েন্টি ক্যারিয়ারে তিনি সেরা দশের মধ্যেও জায়গা করে নিয়েছিলেন।
ব্যাটসম্যানদের তালিকায় বাংলাদেশের সাইফ হাসান ১৩ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠে এসেছেন, যিনি সিরিজে একটি ৪২ রানের কার্যকরী ইনিংস খেলেছিলেন। এছাড়া শেষ দুই ম্যাচে ৩৫ ও ৬১ রানের দুর্দান্ত দুটি ইনিংস খেলে ৯ ধাপ এগিয়েছেন তাওহীদ হৃদয়। তাঁর বর্তমান অবস্থান ৩০তম হলেও হতাশ করেছেন তানজিদ হাসান। সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় এই ওপেনার দুই ধাপ পিছিয়ে ২৯ নম্বরে নেমে গেছেন।
এদিকে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শও র্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন। সিরিজের শেষ ম্যাচে ৬০ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে চার ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন তিনি। বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়ে সপ্তম স্থানে পৌঁছেছেন অজি দলের অন্যতম পেসার ন্যাথান এলিস।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন