রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নরওয়েকে কখনো হারাতে পারেনি ব্রাজিল ও আর্জেন্টিনা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১, ২০২৬, ১০:৩১ পিএম

নরওয়েকে কখনো হারাতে পারেনি ব্রাজিল ও আর্জেন্টিনা

চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা টপকে আইভরি কোস্টকে ২–১ গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্লিং হলান্ডদের নরওয়ে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এবার স্ক্যান্ডিনেভিয়ান এই দেশটির মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই সূচি চূড়ান্ত হওয়ার পর থেকেই নরওয়ের বিপক্ষে সেলেসাওদের অতীত ইতিহাস ও পরিসংখ্যান ঘাঁটতে শুরু করেছেন ফুটবলপ্রেমীরা।

নিজেদের সমৃদ্ধ ফুটবল ইতিহাসে নরওয়েই একমাত্র দল, যাদের বিপক্ষে ব্রাজিল আজ পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি।আন্তর্জাতিক ফুটবল পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত দুই দলের চারবারের মুখোমুখি দেখায় নরওয়ের জয় দুটিতে এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। ব্রাজিলের বিপক্ষে নরওয়ের দুই জয়ের একটি আবার এসেছিল বিশ্বকাপের মঞ্চেই। 

১৯৯৮ সালের বিশ্বকাপে দুঙ্গা ও রোনালদোদের শক্তিশালী ব্রাজিল দলকে ২–১ গোল ব্যবধানে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। অতীতের এই খতিয়ান জানার পর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থকেরা খুশি হলেও তাদের জন্যও ইতিহাস এক হতাশাজনক তথ্য হাজির করছে। কারণ ব্রাজিলের মতোই আর্জেন্টিনাও কখনো নরওয়ের বিপক্ষে জয়ের মুখ দেখেনি।

ব্রাজিল অন্তত নরওয়ের বিপক্ষে দুবার ড্র করতে পেরেছে, কিন্তু আর্জেন্টিনা দুবারের মুখোমুখি লড়াইয়ের দুটিতেই হেরে মাঠ ছেড়েছে। এই দুই পরাজয়ের একটি এসেছিল ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে এবং অন্যটি ২০০৭ সালে লিওনেল মেসির ক্যারিয়ারের শুরুর দিকে। শুধু নরওয়েই নয়, আন্তর্জাতিক ফুটবলের আরও পাঁচটি দল রয়েছে যাদের বিপক্ষে আর্জেন্টিনা কখনো কোনো জয় তুলে নিতে পারেনি। এই দলগুলো হলো বেলারুশ, ক্যামেরুন, চীন, ডেনমার্ক এবং লিথুয়ানিয়া।

আগামী রোববার রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। নকআউট পর্বের এই বাধা টপকে দলগুলো যদি সামনে এগিয়ে যেতে পারে, তবে সেমিফাইনালে আবারও নরওয়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার। তবে তার আগে আগামী রোববারের ম্যাচে ব্রাজিল তাদের দীর্ঘদিনের এই ঐতিহাসিক ‘নরওয়ে জুজু’ কাটিয়ে নতুন কোনো ইতিহাস লিখতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।