সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দাপুটে জয়ে শেষ ষোলো নিশ্চিত করল স্পেন

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ১০:০৮ এএম

দাপুটে জয়ে শেষ ষোলো নিশ্চিত করল স্পেন

বিশ্বকাপের নকআউট মঞ্চেও নিজেদের চেনা ছন্দের ধার বজায় রেখেছে স্পেন। লস অ্যাঞ্জেলেসে অস্ট্রিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে লুইস দে লা ফুয়েন্তের দল। ম্যাচের শুরু থেকেই স্প্যানিশদের গতিময় ফুটবল অস্ট্রিয়ার রক্ষণভাগের জন্য বড় পরীক্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল।স্পেনের ফুটবল ছিল আক্রমণাত্মক।

ম্যাচের ৩৬ মিনিট পর্যন্ত গোলের অপেক্ষা করতে হলেও বলের দখল ও পাসিংয়ে স্পেন শুরু থেকেই এগিয়ে ছিল। যদিও শুরুর দিকে মার্ক কুকুরেয়ার একটি গোল বাতিল হয় ফাউলের কারণে, তবে তা স্পেনের আত্মবিশ্বাসে চিড় ধরাতে পারেনি। ৩৬ মিনিটে কুকুরেয়ার পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল।

বিরতির পর অস্ট্রিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও স্পেনের শক্তিশালী রক্ষণ তাদের সব পরিকল্পনা ভেস্তে দেয়। ৬৬ মিনিটে আলেক্স বায়েনার ক্রসে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। ম্যাচের শেষ দিকে ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ওইয়ারসাবাল।

পুরো ম্যাচজুড়ে স্পেনের শৃঙ্খলিত পারফরম্যান্স ও আক্রমণভাগ অস্ট্রিয়ার ডিফেন্সকে কার্যত অসহায় করে তুলেছিল। এই জয়ের মাধ্যমে স্পেন বিশ্বকাপের পরবর্তী ধাপের জন্য নিজেদের দাবি আরও জোরালো করল।