জুলাই ৩, ২০২৬, ১১:১৩ পিএম
চলমান মেগা টুর্নামেন্টে কেপ ভার্দের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে আলবিসেলেস্তেদের জন্য তিনটি প্রধান কৌশলগত দিক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা। এর মধ্যে রয়েছে পেনাল্টি এরিয়ার বাইরে থেকে লিওনেল মেসির দূরপাল্লার শট, মাঝমাঠে রদ্রিগো ডি পলের ভূমিকা এবং দুই প্রান্তের ফুলব্যাকদের ওভারল্যাপিং গতি।
কেপ ভার্দের জমাট রক্ষণ ভাঙতে নতুন ছক কষছে আর্জেন্টিনা।সাধারণত বড় দলগুলোর বিপক্ষে কেপ ভার্দে চার-এক-চার-এক ফরমেশনে রক্ষণাত্মক ফুটবল খেলে থাকে। তাদের দলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো মাঠের ভেতর বলের পেছনে নিজেদের খেলোয়াড়দের অত্যন্ত প্যাকড বা কাছাকাছি রাখা। উইদাউট দ্য বল বা বল ছাড়া পজিশনে এই দলটি অত্যন্ত সুসংগঠিত এবং উচ্চ পর্যায়ের ডিফেন্সিভ কমিটমেন্ট প্রদর্শন করে।
এর আগে স্পেনের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে তারা পুরো ম্যাচে মাত্র একটি ফাউল করেছিল, যা তাদের রক্ষণভাগের একাগ্রতা প্রমাণ করে। তারা মাঠের মাঝখানে একটি সেন্ট্রাল ব্লক তৈরি করে ইনার লেন বা ভেতরের পথগুলো পুরোপুরি বন্ধ করে রাখে, যার ফলে স্পেন বা উরুগুয়ের মতো দলগুলোও তাদের বিরুদ্ধে সহজে সুবিধা করতে পারেনি।তবে কেপ ভার্দে সাধারণত উইং বা মাঠের দুই প্রান্ত ফাঁকা রেখে দেয় এবং তারা হুট করে হাই প্রেসিং বা ফাইনাল চার্জে যায় না। তাদের রক্ষণভাগ বেশ নিচু বা লো ব্লকে অবস্থান করলেও একটি বড় দুর্বলতা রয়েছে ক্রসের বিপক্ষে।
উচ্চতা এবং শারীরিক সার্থকতা থাকা সত্ত্বেও দূর থেকে ভেসে আসা ক্রসের সময় তারা প্রায়ই মিসজাজমেন্ট বা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। এই দুর্বলতাকে কাজে লাগাতে রদ্রিগো ডি পলের নিখুঁত ক্রসিং আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় অস্ত্র হতে পারে, যা বক্সে থাকা লাউতারো মার্টিনেজ বা হুলিয়ান আলভারেজের জন্য গোল করার সুযোগ তৈরি করবে।আক্রমণের সময় কেপ ভার্দে অত্যন্ত দ্রুত গতিতে ওয়ান-টাচ বা টু-টাচ পাসের মাধ্যমে কাউন্টার অ্যাটাকে উঠতে পছন্দ করে। তাদের এই কুইক ট্রানজিশন বা দ্রুত রূপান্তরের আক্রমণ রুখতে মাঝমাঠে ডি পল ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে রক্ষণাত্মক প্রেসিংয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তাছাড়া এই ম্যাচে আর্জেন্টিনার রক্ষণভাগে ক্রিশ্চিয়ান রোমেরোর প্রত্যাবর্তন দলের শক্তি অনেক বাড়িয়ে দেবে।
কেপ ভার্দের সেন্ট্রাল ব্লকের রক্ষণ প্রাচীর ভাঙতে মেসির চমৎকার চিপ পাস ও থ্রু বলের পাশাপাশি লেফট ব্যাক ও রাইট ব্যাকের ওভারল্যাপ এবং কাটব্যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।বিশেষ করে ডান প্রান্তে মলিনা বা মন্টিয়েল ইনভার্টেড রোল খেলে ভেতরের দিকে ঢুকে পড়লে ডি পল ফাঁকা জায়গা পাবেন। এই কৌশলগত বোঝাপড়া ও মাঠের সঠিক বাস্তবায়নই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কেপ ভার্দের জমাট বাধা প্রতিরোধ আর্জেন্টিনা ভাঙতে পারবে কি না।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন