সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

বিশ্বকাপ থেকে বিদায় তবে গর্বিত কেপ ভার্দে কোচ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ০৮:২৩ পিএম

বিশ্বকাপ থেকে বিদায় তবে গর্বিত কেপ ভার্দে কোচ

বিশ্বকাপে প্রথমবারের মতো অংশগ্রহণ করেও ফুটবল বিশ্বে নিজেদের ছাপ ফেলেছে কেপ ভার্দে। অগণিত ফুটবলপ্রেমীর শ্রদ্ধা আর ভালোবাসা সঙ্গে নিয়ে বিদায় নিয়েছে আফ্রিকার এই ছোট্ট দ্বীপরাষ্ট্র। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও ৩-২ গোলে পরাজিত হতে হয়েছে তাদের। তবে মাঠের খেলায় তারা প্রমাণ করেছে, র‍্যাংকিং কিংবা ইতিহাস ফুটবলের শেষ কথা নয়।

দলটির কোচ বুবিস্তার কণ্ঠে বিদায়ের পর হতাশার চেয়ে গর্বই বেশি ফুটে উঠেছে।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত কোচ বলেন, ড্রেসিং রুমের পরিবেশ এখন বিষাদময়। খেলোয়াড়রা কষ্ট পাচ্ছে কারণ তারা জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তিনি মনে করেন, এই অভিজ্ঞতা তাদের আরও শক্তিশালী করবে এবং দলটির ভেতরে যে প্রাণ আছে তা বিশ্ববাসী দেখেছে। এই বিদায়কে তিনি তাদের বিকাশের একটি অংশ হিসেবেই দেখছেন।

বিশ্বকাপে নিজেদের প্রথম অংশগ্রহণেই কেপ ভার্দে দেখিয়েছে অসামান্য লড়াকু মানসিকতা। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো শক্তিশালী দলের বিপক্ষে ড্র করে তারা জায়গা করে নেয় নকআউটে। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষেও শেষ মুহূর্ত পর্যন্ত তারা লড়াই চালিয়ে গেছে। কোচ বুবিস্তা জানান, আর্জেন্টিনা প্রমাণ করেছে কেন তারা চ্যাম্পিয়ন, তবে কেপ ভার্দেও দেখিয়েছে তারা যেকোনো লড়াইয়ের জন্য প্রস্তুত।

নিজের খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়ে কোচ বলেন, ছেলেরা মর্যাদা ও সাহসের সঙ্গে লড়েছে। আমরা শুধু খেলতে আসিনি, লক্ষ্য ছিল বিশ্বমঞ্চে কেপ ভার্দেকে তুলে ধরা। পুরো টুর্নামেন্টজুড়ে ইতিবাচক ফুটবল খেলেছে দলটি, যা তাদের ছোট্ট দেশটির প্রকৃত প্রতিনিধিত্ব করেছে বলে তিনি বিশ্বাস করেন।