সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ইংল্যান্ডের বিপক্ষে আন্ডারডগ হলেও ভয় পাচ্ছে না নরওয়ে

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ১০:১৩ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে আন্ডারডগ হলেও ভয় পাচ্ছে না নরওয়ে

ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নাম লেখানো নরওয়ে এখন নতুন ইতিহাস গড়ার অপেক্ষায়। শেষ আটের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। ম্যাচের আগে কোনো রাখঢাক না রেখেই নরওয়ের অধিনায়ক মার্টিন ওডেগার্ড জানিয়েছেন, প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ড অত্যন্ত শক্তিশালী হলেও তাদের নিয়ে কোনো ভীতি নেই। উল্টো ব্রাজিলকে হারানোর পর দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।শনিবার দিবাগত রাত ৩টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে ওডেগার্ড ইংল্যান্ডের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তিনি বলেন, ইংল্যান্ডের ফুটবলারদের মান সম্পর্কে সবাই অবগত। তাদের দলে বিশ্বমানের খেলোয়াড় রয়েছে এবং এই মুহূর্তে তারা বিশ্বের অন্যতম সেরা জাতীয় দল। তবে কঠিন পরীক্ষা হলেও তিনি আন্ডারডগ তকমাকে ইতিবাচকভাবেই দেখছেন। ব্রাজিল ম্যাচের উদাহরণ টেনে তিনি বলেন, আন্ডারডগ হয়েও ব্রাজিলকে হারানোর পর তারা বুঝেছে ফুটবলে অসম্ভব বলে কিছু নেই।

নরওয়ের অনেক খেলোয়াড়ই ইংলিশ প্রিমিয়ার লিগে নিয়মিত খেলেন। ফলে ইংল্যান্ডের খেলোয়াড়দের খেলার ধরন ও শক্তি সম্পর্কে তাদের ভালো ধারণা রয়েছে। ওডেগার্ড মনে করেন, এটি ব্যক্তিগত লড়াই নয়, বরং পুরো দলের লড়াই। প্রস্তুতির অংশ হিসেবে প্রতিপক্ষকে বিশ্লেষণের ওপর জোর দিয়েছেন তিনি।

ফিফা র্যাঙ্কিংয়ে ইংল্যান্ড চতুর্থ স্থানে থাকলেও নরওয়ের অবস্থান এখন ১৯তম। টুর্নামেন্টে ইংল্যান্ড অপরাজিত থাকলেও নরওয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে। ওডেগার্ড বলেন, আন্ডারডগ হিসেবে খেলায় কোনো আক্ষেপ নেই। প্রস্তুতির ওপর নজর রেখে নিজেদের স্বাভাবিক ফুটবল খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন এই মিডফিল্ডার।