রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফাইনালের আগে আলভারেজকে নিয়ে বার্সার বড় সুখবর

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৯, ২০২৬, ১২:২৫ পিএম

ফাইনালের আগে আলভারেজকে নিয়ে বার্সার বড় সুখবর

ছবি - সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগে বার্সেলোনায় যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে বড় সুখবর পেলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তা স্পষ্ট করে জানিয়েছেন, ক্লাবটি এখনো আলভারেজকে দলে ভেড়াতে আগ্রহী। একই সঙ্গে তিনি বলেছেন, কোনো বড় ক্লাবই এমন খেলোয়াড়কে জোর করে আটকে রাখতে পারে না, যে ক্লাব ছাড়তে চায়।বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্কে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন আয়োজিত এক অনুষ্ঠানে আলভারেজকে নিয়ে কথা বলেন লাপোর্তা।

তিনি জানান, বার্সেলোনা এখনো আতলেতিকো মাদ্রিদের কাছে দেওয়া প্রস্তাব প্রত্যাহার করেনি। লাপোর্তা বলেন, আমাদের একটি প্রস্তাব রয়েছে। আমাদের কোচ তাকে দলে নিতে চান, আর সে কারণেই আমরা আতলেতিকো মাদ্রিদকে প্রস্তাবটি দিয়েছি। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো একটি প্রস্তাব।আতলেতিকো মাদ্রিদের প্রধান নির্বাহী মিগেল অ্যাঞ্জেল গিল মারিন সম্প্রতি আলভারেজের ক্লাব ছাড়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে বিতর্কে না গিয়ে লাপোর্তা জানান, তিনি প্রত্যেকের মতামতকে সম্মান করেন। 

তবে আলভারেজকে নিয়ে বার্সেলোনার আশাবাদ যে এখনো প্রবল, তা তার কথায় স্পষ্ট ছিল।লাপোর্তা আরও বলেন, এমন অনেক ঘটনা আছে যেখানে বলা হয়েছিল যে একজন খেলোয়াড় কখনোই বার্সায় আসবে না, অথচ শেষ পর্যন্ত সে এসেছে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি দেন বার্সা সভাপতি। তিনি বলেন, যখন কোনো খেলোয়াড় ক্লাব ছাড়তে চায়, ক্লাব হিসেবে বার্সার মনোভাব হলো, আমরা তার জন্য বিষয়টি সহজ করে দেব। একটি বড় ক্লাবের পক্ষে অসন্তুষ্ট খেলোয়াড় রাখা সম্ভব নয়।

আলভারেজকে দলে নেওয়ার প্রস্তাব অনির্দিষ্টকালের জন্য খোলা থাকবে না বলেও জানিয়েছেন লাপোর্তা। তিনি বলেন, এর কোনো সময়সীমা নেই। আমরা তাদের একটি যুক্তিসঙ্গত সময়সীমা দেব। আমি বলব মাসের শেষ পর্যন্ত।তিনি আরও যোগ করেন, এমন বড় দলবদলের ক্ষেত্রে শুধু অর্থ নয়, খেলোয়াড়ের ইচ্ছাও সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিষয়টি এখন আর শুধু আসা প্রস্তাবের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ভালো কোনো প্রস্তাব এলে তার সদ্ব্যবহার করতে হবে। বিশ্বকাপ ফাইনালের আগে লাপোর্তার এমন বক্তব্যে আলভারেজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, বিশ্বকাপ শেষ হওয়ার পর বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের মধ্যে এই সম্ভাব্য দলবদল কতটা এগোয়।