রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নভেম্বরে ঢাকায় আসছে পাকিস্তান হকি দল

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১০:৪৬ পিএম

নভেম্বরে ঢাকায় আসছে পাকিস্তান হকি দল

ছবি - সংগৃহীত

তিন ম্যাচের প্লে-অফ সিরিজ খেলতে আগামী নভেম্বরে বাংলাদেশে আসছে পাকিস্তান হকি দল। আসন্ন এই সিরিজের বিজয়ী দলটি আগামী বিশ্বকাপ বাছাই পর্বে খেলার সুযোগ পাবে। মূলত এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় পাকিস্তানকে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য এই প্লে-অফ সিরিজ খেলতে হচ্ছে।

পাকিস্তানের নাম প্রত্যাহারের ফলে বাংলাদেশ এশিয়া কাপে অংশ নেয় এবং টুর্নামেন্টে ষষ্ঠ স্থান অর্জন করে। টুর্নামেন্টের শীর্ষ পাঁচ দলের মধ্যে থাকতে পারলে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ বাছাই পর্বে খেলার সুযোগ পেত। তবে এবার তাদের প্লে-অফ পরীক্ষার মাধ্যমে বাছাই পর্বে উত্তীর্ণ হতে হবে।

বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান জানান, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই প্লে-অফ সিরিজটি ১০ থেকে ১৭ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, "পাকিস্তান ১০ নভেম্বর আসতে পারে। ম্যাচ তিনটির সম্ভাব্য সূচি ১২, ১৩ ও ১৫ নভেম্বর। আমরা সেভাবেই তাদের প্রস্তাব দিয়েছি।"