অক্টোবর ৮, ২০২৫, ১১:৩০ এএম
দেশের ক্রিকেটের পাইপলাইন আরও শক্তিশালী করতে এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভা খুঁজে বের করতে এক যুগান্তকারী উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কুল ও কলেজ ক্রিকেটের পাশাপাশি এবার দেশের মাদ্রাসা শিক্ষার্থীদের জন্যও আয়োজন করা হবে ক্রিকেট টুর্নামেন্ট।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিসিবির নতুন পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই নতুন পরিকল্পনার কথা জানান নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।বিসিবি সভাপতি বলেন, “স্কুল-কলেজের পাশাপাশি মাদ্রাসাতেও ক্রিকেট ছড়িয়ে দেওয়ার পথে হাঁটতে যাচ্ছে বিসিবি। মাদ্রাসায় লাখ লাখ ছাত্র আছে, সেখান থেকেও যদি কিছু ভালো ক্রিকেটার উঠে আসে, আমরা সেই ব্যবস্থা করছি।”
আমিনুল ইসলাম বুলবুল আরও জানান, প্রাথমিকভাবে এই টুর্নামেন্টটি সংক্ষিপ্ত ফরম্যাটে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “এখনো বিস্তারিত আলোচনা হয়নি। তবে আমরা যেহেতু পরিকল্পনা করেছি, অবশ্যই বাস্তবায়নের চেষ্টা করব। আপাতত ছোট (টি-টোয়েন্টি বা টি-টেন) ফরম্যাটে হবে।”
বোর্ড সূত্রে জানা গেছে, মাদ্রাসা ছাত্রদের পড়াশোনার সময়ের সঙ্গে সমন্বয় রেখে আসর ও মাগরিবের নামাজের মধ্যবর্তী সময়ে ১০ ওভারের ম্যাচ আয়োজন করার একটি প্রস্তাবনা নিয়েও আলোচনা চলছে। বিসিবির এই উদ্যোগকে দেশের ক্রিকেটের প্রসারে একটি নতুন ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন ক্রীড়া বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন