বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,
অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপ

মেক্সিকোকে হারিয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ০৯:৪৪ এএম

মেক্সিকোকে হারিয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

ছবি - সংগৃহীত

অবশেষে দেড় যুগের অপেক্ষার অবসান হলো। মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এর মাধ্যমে ২০০৭ সালের পর, অর্থাৎ দীর্ঘ ১৮ বছর পর, যুব বিশ্বকাপের শেষ চারে উঠল আলবিসেলেস্তেরা।

রোববার (১২ অক্টোবর) ভোরে চিলিতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে বল দখলে মেক্সিকো এগিয়ে থাকলেও, আক্রমণে অনেক বেশি কার্যকর ছিল আর্জেন্টিনা। ম্যাচের মাত্র অষ্টম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন মায়ের কারিজো। প্রেস্তিয়ান্নির পাস থেকে আকুনিয়ার নেওয়া শট মেক্সিকান গোলরক্ষক ফিরিয়ে দিলেও, ফিরতি বলে আলতো টোকায় বল জালে জড়ান কারিজো।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করে ডিয়েগো প্লাসেন্তের শিষ্যরা। বদলি হিসেবে নামা হুয়ান ভিয়ালবার পাস থেকে দুর্দান্ত এক দৌড়ে মেক্সিকান রক্ষণভাগকে ছিটকে ফেলে নিখুঁত ফিনিশিংয়ে দলের জয় নিশ্চিত করেন মাতেও সিলভেত্তি।এর আগে, গ্রুপ পর্বে নিজেদের তিনটি ম্যাচেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠেছিল আর্জেন্টিনা। শেষ ষোলোর ম্যাচে তারা নাইজেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেয়। সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ শক্তিশালী কলম্বিয়া।