বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দিন শেষে হতাশাই রয়ে গেলো’, বললেন হামজা চৌধুরী

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৫, ১১:১৩ পিএম

দিন শেষে হতাশাই রয়ে গেলো’, বললেন হামজা চৌধুরী

ছবি - সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকার শেষ লড়াইয়ে ১০ জনের হংকংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ, যা টুর্নামেন্ট থেকে দলটির বিদায় নিশ্চিত করে দিয়েছে। ম্যাচের পর দলের অন্যতম সেরা পারফর্মার, তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী এই ফলাফলে তার হতাশার কথা অকপটে স্বীকার করে নিয়েছেন।মঙ্গলবার রাতে ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় লেস্টার সিটির এই তারকা ফুটবলার বলেন, “দিন শেষে একটু হতাশা রয়েই গেল।”

তবে হংকংয়ের স্টেডিয়ামের পরিবেশ এবং সমর্থকদের উচ্ছ্বাসের ব্যাপক প্রশংসা করেন হামজা। তিনি বলেন, “দারুণ ও উঁচুমানের অভিজ্ঞতা হয়েছে এখানে। পরিবেশটা অসাধারণ, গোলপোস্টের পেছনে থাকা সমর্থকদের উচ্ছ্বাস দেখলেই বোঝা যায়, তারা কতটা দুর্দান্ত। ফুটবলে এটাই তো চাই।”

তিনি আরও যোগ করেন, “এশিয়ার ফুটবলকে এগিয়ে নিতে হলে মাঠে এমন সমর্থক প্রয়োজন। ধন্যবাদ জানাই হংকংয়ের সমর্থকদের এবং অবশ্যই ধন্যবাদ জানাই সেইসব বাংলাদেশি সমর্থকদেরও, যারা এতদূর ভ্রমণ করে আমাদের সমর্থন দিতে এসেছেন।”

হংকংয়ের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ পেনাল্টিতে পিছিয়ে পরেও দ্বিতীয়ার্ধে রাকিব হোসেনের গোলে সমতায় ফেরে। প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হওয়ায় জয়ের ভালো সুযোগও তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। এই ড্রয়ের ফলেই এশিয়ান কাপ খেলার স্বপ্নভঙ্গ হয় জামাল-হামজাদের।