সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ব্যাটিং বিপর্যয়ের মাঝে হাফ সেঞ্চুরির দেখা পেলেন তাওহিদ হৃদয়

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৫, ০৪:২৯ পিএম

ব্যাটিং বিপর্যয়ের মাঝে হাফ সেঞ্চুরির দেখা পেলেন তাওহিদ হৃদয়

ছবি - সংগৃহীত

আফগানিস্তান সিরিজের দুঃস্বপ্ন যেন পিছু ছাড়ছে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন সিরিজের প্রথম ওয়ানডেতেও ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। তবে দলের এই চরম বিপদের মুখেই একপ্রান্ত আগলে রেখে লড়াকু এক হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়।

শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৮ রানেই দুই ওপেনার মোহাম্মদ সাইফ হাসান (৩) ও সৌম্য সরকারকে (৪) হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ।এরপর দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। তৃতীয় উইকেটে তারা ৭১ রানের ধীরগতির কিন্তু কার্যকরী একটি জুটি গড়েন। শান্ত ৩২ রান করে ফিরে গেলে আবারও চাপে পড়ে দল।

তবে হৃদয় অন্য প্রান্তে থিতু হয়ে দলের রান বাড়াতে থাকেন। মন্থর ব্যাটিংয়ে ৮৭ বলে তিনটি চারের সাহায্যে তিনি তার ওয়ানডে ক্যারিয়ারের আরও একটি অর্ধশতক স্পর্শ করেন।তবে ফিফটির পরপরই আর এগোতে পারেননি তিনি। জাস্টিন গ্রেভসের বলে কাট করতে গিয়ে উইকেটকিপার শেই হোপের গ্লাভসে ধরা পড়েন হৃদয়। আম্পায়ার প্রথমে আউট না দিলেও, ওয়েস্ট ইন্ডিজের রিভিউ নেওয়ার পর সিদ্ধান্ত পাল্টায়। ৯০ বলে ৫১ রান করে হৃদয় যখন সাজঘরে ফেরেন, তখন বাংলাদেশের রান ৪ উইকেটে ১১৬।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ক্রিজে আছেন অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন এবং মেহেদী হাসান মিরাজ। ৩৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১১৬ রান।