সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

২০২৬ বিশ্বকাপ খেলতে চান লিওনেল মেসি, জানালেন নিজের পরিকল্পনা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৮, ২০২৫, ১০:৫২ এএম

২০২৬ বিশ্বকাপ খেলতে চান লিওনেল মেসি, জানালেন নিজের পরিকল্পনা

ফুটবল জাদুকর লিওনেল মেসি ২০২৬ সালের বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠ মাতাতে চান। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে স্বপ্নের শিরোপা এনে দেওয়া এই মহাতারকা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে অনুষ্ঠিতব্য পরবর্তী আসরেও দলের সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে তার এই অংশগ্রহণ পুরোপুরি নির্ভর করছে শারীরিক ফিটনেসের ওপর।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম 'এনবিসি নিউজ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি তার এই সুপ্ত ইচ্ছার কথা জানান। ফুটবল বিশ্বের এই মহাতারকা বলেন, ‘সত্যি বলতে, বিশ্বকাপে খেলা মানেই এক অসাধারণ ব্যাপার। আমি অবশ্যই বিশ্বমঞ্চে থাকতে চাই। দলের সঙ্গে থাকলে জাতীয় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।’

২০২৬ বিশ্বকাপ যখন অনুষ্ঠিত হবে, তখন মেসির বয়স হবে ৩৯। বয়সের এই বাস্তবতা মেনেই নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। মেসি বলেন, ‘আগামী বছর যখন ইন্টার মিয়ামি ক্লাবের হয়ে প্রাক্‌-মৌসুমের প্রস্তুতি শুরু করব, তখন আমি প্রতিদিন নিজের শরীরের অবস্থা পর্যালোচনা করে দেখব যে, আমি শতভাগ ফিট কিনা। ফিট থাকলে এবং দলে অবদান রাখার মতো অবস্থায় থাকলেই কেবল আমি সিদ্ধান্ত নেব।’

আটবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা আরও যোগ করেন, ‘আমি দারুণ উৎসাহী, কারণ এটা বিশ্বমঞ্চ। আমরা তো আগের বিশ্বকাপটা জিতেছি, এখন সেটা অক্ষুণ্ণ রাখার বা রক্ষা করার সুযোগ পাওয়াটা দারুণ ব্যাপার হবে। জাতীয় দলের জার্সিতে খেলা সব সময়ই আমার কাছে স্বপ্নের মতো, বিশেষ করে এমন বড় কোনো টুর্নামেন্টে। আমি প্রত্যাশা করছি, সৃষ্টিকর্তা আমাকে সেই সুযোগটা আরও একবার দেবেন।’