নভেম্বর ১, ২০২৫, ০৬:৫৪ পিএম
গত জুনে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেও নাজমুল হোসেন শান্তর কাঁধেই আবারও টেস্ট দলের দায়িত্বভার তুলে দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট দলের নতুন অধিনায়ক নিয়োগ নিয়ে গত কয়েক মাসের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিসিবি নিশ্চিত করেছে, শান্তই থাকছেন অধিনায়ক। বিসিবির এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫-২০২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ ম্যাচ পর্যন্ত বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত। এর আগে ২০২৩ সালে প্রথমবার টেস্ট অধিনায়ক হিসেবে শান্তকে দায়িত্ব দেয় বিসিবি। এখন পর্যন্ত তিনি ১৪টি টেস্ট ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন।
গত জুনে শ্রীলঙ্কা সফরে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় টেস্ট শেষে হঠাৎ করেই টেস্টের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন শান্ত। এরপর প্রায় সাড়ে চার মাস বাংলাদেশের কোনো টেস্ট সূচি না থাকায় বোর্ড নতুন অধিনায়ক নিয়োগে সময় নেয়। অবশেষে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের আগেই শান্তর ওপরই পুনরায় আস্থা রাখল বোর্ড।
শান্তকে আবারও অধিনায়কত্ব দেওয়া প্রসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘শান্ত ধৈর্য, প্রতিশ্রুতি এবং টেস্ট ক্রিকেটের প্রতি গভীর দায়িত্বশীলতা দেখিয়েছেন। তার নেতৃত্বে আমরা দলের ভেতর আস্থা দেখেছি। বোর্ড মনে করে এই নেতৃত্বের ধারাবাহিকতা আমাদেরকে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভালোভাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করবে।’
ফের নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত নাজমুল হোসেন শান্ত বলেন, ‘বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব দিতে পেরে আমি সত্যিই সম্মানিত বোধ করছি এবং আমার অধিনায়কত্বের প্রতি বোর্ড যে আস্থা ও বিশ্বাস দেখিয়েছে তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। টেস্ট ক্রিকেটে দেশের অধিনায়কত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। আমার উপর অর্পিত দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব।
তিনি আরও যোগ করেন, ‘প্রতিভাবান এবং সম্ভাবনাময় একটি দলকে নেতৃত্ব দেওয়া খুবই আনন্দের। আমি বিশ্বাস করি আমাদের সামনে একটি দুর্দান্ত এবং সম্ভাবনাময় সময় অপেক্ষা করছে। আমরা এই মাসের শেষের দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ সময়ের সূচনা করবে।’



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন