সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিপিএল থেকে বাদ চিটাগং কিংস ও খুলনা টাইগার্স

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৫, ১১:১২ পিএম

বিপিএল থেকে বাদ চিটাগং কিংস ও খুলনা টাইগার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে বড় ধরনের রদবদল হতে যাচ্ছে। টুর্নামেন্টের গত আসরের রানার্সআপ চিটাগং কিংসকে বাদ দেওয়া হয়েছে। একইসঙ্গে বাদ পড়েছে সবশেষ কয়েকটি আসরের নিয়মিত দল খুলনা টাইগার্সও। প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় প্রাথমিক বাছাইয়ে বাদ পড়া তৃতীয় প্রতিষ্ঠানটি হলো নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করা বাংলা মার্ট।

চিটাগং কিংসকে বাদ দেওয়ার পেছনে রয়েছে গুরুতর আর্থিক অভিযোগ এবং বকেয়া পাওনা। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু মঙ্গলবার (২৮ অক্টোবর) বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের জানান, চিটাগং কিংসের বিরুদ্ধে একাধিক পক্ষ থেকে পাওনার অভিযোগ এসেছে। তিনি বলেন, ‘আমাদের শন টেইট প্রায় ৩৭ হাজার ডলার পায়। রোজ ভিউ হোটেল সিলেট প্রায় ১৭ লাখ ও শেরাটন হোটেল ২৯ লাখ টাকার ক্লেইম দিয়েছে।

এর আগে শহীদ আফ্রিদি ও কানাডিয়ান ইয়াশা সাগারের ক্লেইমও এসেছে। প্লাস আগের এডিশনের অনেক ডিসপুট (বিরোধ) আছে। সব আরটিবিশন (সালিশ) চলছে। এটাই চিটাগং কিংসের সবশেষ অবস্থা।’বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমানও বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এসকিউ স্পোর্টস (চিটাগং কিংস) তাদের ব্যাপারে অনেকগুলো ক্লেইম আসছে।’

জানা গেছে, এর আগে চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী বিপিএলে অংশ নিতে চেয়ে হাইকোর্টে গিয়েছিলেন এবং বিসিবির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগও তুলেছিলেন। তবে তার সেসব দাবি টেকেনি। শেষ পর্যন্ত আর্থিক জটিলতার কারণেই প্রাথমিক বাছাই থেকে বাদ পড়ল দলটি।অন্যদিকে, খুলনা টাইগার্স ও বাংলা মার্টের বাদ পড়ার কারণ ভিন্ন। ইফতেখার রহমান মিঠু জানান, এই দুটি প্রতিষ্ঠান বিপিএলে অংশ নেওয়ার জন্য পর্যাপ্ত ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হওয়ায় তাদের প্রাথমিক বাছাই থেকে বাদ দেওয়া হয়েছে।

প্রাথমিক বাছাইয়ে এই তিনটি ফ্র্যাঞ্চাইজি বাদ পড়ায় বিপিএলের দল পাওয়ার দৌড়ে এখন আটটি প্রতিষ্ঠান টিকে রইল। বিসিবির আইনজীবী মাহিন এম রহমান জানান, সঠিক প্রক্রিয়ায় বাছাই শেষে দল বুঝিয়ে দেওয়া হবে, কারণ ‘আমরা মন্দের ভালো বিপিএল চাই না।’

আগামী ৪ নভেম্বর বিপিএলে কারা কারা চূড়ান্তভাবে দল পাচ্ছে, সেই তালিকা প্রকাশ করা হবে। বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, আপাতত বিসিবির ভাবনায় আছে এবারের আসরটি ছয়টি দল নিয়ে আয়োজন করার। মূলত আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সময় স্বল্পতার কারণেই ছয় দলের বিপিএল আয়োজনের পরিকল্পনায় এগোচ্ছে বিসিবি।