সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আইসিসি র‍্যাংকিংয়ে তানজিদ-মেহেদি-তানজিমের বড় লাফ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৫, ০৭:৫৮ পিএম

আইসিসি র‍্যাংকিংয়ে তানজিদ-মেহেদি-তানজিমের বড় লাফ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বড়সড় লাফ দিয়েছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি উন্নতি করেছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম, আর বোলারদের তালিকায় এগিয়েছেন শেখ মেহেদি হাসান ও তানজিম হাসান।সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম্যান্সের ফল পেয়েছেন তানজিদ তামিম।

ব্যাটারদের র‍্যাংকিংয়ে তিনি একলাফে ২০ ধাপ এগিয়ে এসে ক্যারিয়ারসেরা ১৭তম স্থানে জায়গা করে নিয়েছেন। চট্টগ্রামের ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৮ বলে ৬১ এবং শেষ ম্যাচে ৬২ বলে ক্যারিয়ার সেরা ৮৯ রানের ইনিংস খেলেন এই ওপেনার। তার এই ধারাবাহিকতা তাকে শীর্ষ ২০-এর কাছাকাছি এনে দিয়েছে।

বোলারদের র‍্যাংকিংয়েও বাংলাদেশের দুই ক্রিকেটারের উন্নতি হয়েছে। অলরাউন্ডার শেখ মেহেদি হাসান ছয় ধাপ এগিয়ে যৌথভাবে ১৭তম স্থানে উঠে এসেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ১ উইকেট নিয়েছিলেন তিনি, যা তার র‍্যাংকিংয়ে লাফ দিতে সাহায্য করেছে। এছাড়া তরুণ পেসার তানজিম হাসান তিন ধাপ এগিয়ে ৩৪তম স্থানে অবস্থান করছেন।

তবে এই সিরিজে দুই ম্যাচে ৫ উইকেট নেওয়া সত্ত্বেও স্পিনার রিশাদ হোসেন দুই ধাপ পিছিয়ে ২৬ নম্বরে নেমে গেছেন। বাংলাদেশের বোলারদের মধ্যে এখনও পর্যন্ত সবার ওপরে রয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, যিনি দ্বাদশ স্থানে অবস্থান করছেন।