শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,

নীলফামারীর সৈয়দপুরে চিনামাটির টুকরোয় সাজানো মসজিদ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৫:৪৬ পিএম

নীলফামারীর সৈয়দপুরে চিনামাটির টুকরোয় সাজানো মসজিদ

নীলফামারী জেলার সৈয়দপুর শহরের ইসলামবাগ এলাকায় রয়েছে এক দৃষ্টিনন্দন ঐতিহাসিক স্থাপনা। এটি স্থানীয়ভাবে চিনি মসজিদ নামে পরিচিত, যা উত্তরবঙ্গের অন্যতম ব্যতিক্রমী উপাসনালয়। প্রায় দেড় শতাব্দীর ইতিহাস বুকে ধারণ করে অনন্য এই স্থাপনাটি আজও সগৌরবে দাঁড়িয়ে আছে।

মসজিদটির প্রাথমিক নির্মাণের ইতিহাস শুরু হয় ১৮৬৩ সালে। স্থানীয় বাসিন্দা হাজী বাকের আলী ও হাজী মুকু বাঁশ এবং ছন দিয়ে এর নির্মাণকাজ শুরু করেন। পরবর্তীতে ধীরে ধীরে এর অবকাঠামো উন্নত করা হতে থাকে। ১৯২০ সালে হাজী হাফিজ আব্দুল করিমের উদ্যোগে তাঁরই নকশায় মসজিদটির পাকা অংশ নির্মাণ করা হয় এবং ১৯৬৫ সালে দক্ষিণ দিকে তা আরও সম্প্রসারণ করা হয়।

এই মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর অসাধারণ কারুকাজ। কলকাতা থেকে আনা ২৪৩টি মর্মর পাথর এবং বিপুল পরিমাণ চিনামাটির কাপ, পিরিচ ও থালার ভাঙা টুকরা দিয়ে দেয়ালগুলো সাজানো হয়েছে। রঙিন কাচ ও চিনামাটির সমন্বয়ে তৈরি ফুল, লতা-পাতা, চাঁদ-তারা এবং জ্যামিতিক নকশা মসজিদটিকে সৈয়দপুরের ঐতিহ্য ও কারুশিল্পের এক মূল্যবান নিদর্শনে পরিণত করেছে।