বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে ১২ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৫, ০৯:৪৭ এএম

পঞ্চগড়ে ১২ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে হেমন্তকালেই জেঁকে বসেছে শীত। দিন যত গড়াচ্ছে, উত্তরের এই জনপদে তাপমাত্রা ততই নিম্নমুখী হচ্ছে। যদিও দিনের বেলা সূর্যের দেখা মিলছে, তবে সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ এবং দ্রুত কমতে থাকছে তাপমাত্রা।

আজ বুধবার (১২ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, মাত্র এক সপ্তাহের ব্যবধানে জেলাটিতে তাপমাত্রা অন্তত ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে, যা শীতের তীব্রতা বাড়ার স্পষ্ট ইঙ্গিত।

এর আগে গতকাল মঙ্গলবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন, অর্থাৎ সোমবার সেখানে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ধারাবাহিকভাবে এই তাপমাত্রা কমার প্রবণতা জনজীবনে শীতের আমেজ ও কিছুটা ভোগান্তি নিয়ে এসেছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, "আজ সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিন ধরেই তাপমাত্রা ক্রমেই কমছে।" তিনি আরও পূর্বাভাস দেন যে, নভেম্বরের শেষ দিকে তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের তীব্রতা বাড়তে পারে। স্থানীয়রা ইতোমধ্যে গরম কাপড় পরতে শুরু করেছেন এবং ভোরে ও রাতে ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে সতর্কত অবলম্বন করতে হচ্ছে।