সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

তেঁতুলিয়ায় আজ তাপমাত্রা কত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২১, ২০২৫, ১০:০৯ এএম

তেঁতুলিয়ায় আজ তাপমাত্রা কত

হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিগত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগার কার্যালয়ে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া পর্যাবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয় এবং এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাস ও হালকা কুয়াশার কারণে এ অঞ্চলে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে।

এর আগে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তেঁতুলিয়া অঞ্চলটি হিমালয় এবং কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি হওয়ায় অন্যান্য জেলার তুলনায় এখানে শীতের অনুভূতি বেশি থাকে এবং অন্যান্য জেলার আগেই এ অঞ্চলে শীতের আগমন ঘটে।সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হালকা কুয়াশা ভেদ করে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে এবং উত্তরাঞ্চলের এই জনপদে শীতের পরশ অনুভূত হচ্ছে।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শীতের মাত্রা কিছুটা বাড়ায় শ্রমজীবী মানুষের কর্মব্যস্ততা লক্ষ্যণীয়। দিনমজুর, পাথর ও চা শ্রমিক, ভ্যানচালকসহ কৃষকরা সকাল সকাল কাজে বেরিয়েছেন। এদিকে সন্ধ্যার পর থেকেই উত্তরীয় হিমেল হাওয়ায় শীতের পরশ অনুভূত হয় এবং মাঝরাতের পর থেকে ভোর পর্যন্ত মানুষ গায়ে কাঁথা নিচ্ছেন। ডিসেম্বর মাস থেকে জানুয়ারি পর্যন্ত শীতের দাপট বেশি থাকলেও অক্টোবর থেকেই এর আমেজ শুরু হয়েছে।

শীতকে কেন্দ্র করে বাজারগুলোতে ভাপা, চিতুয়া ও পৌকন পিঠার বেচাকেনা শুরু হয়েছে।তবে হিমেল বাতাস বয়ে যাওয়ায় এখনও সেভাবে তীব্র শীত না পড়ায় দিনে গরম এবং রাতে হালকা শীতের মিশ্র আবহাওয়ার কারণে শীতজনিত রোগব্যাধি বেড়েছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।