নভেম্বর ২২, ২০২৫, ১০:১৪ এএম
উত্তরের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ায় দিন দিন তাপমাত্রা কমতে শুরু করায় জেঁকে বসেছে শীত। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
শনিবার (২২ নভেম্বর) আবহাওয়া অফিসের তথ্য মতে, সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
যা গতকাল শুক্রবার সকালের রেকর্ড করা তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস থেকে সামান্য কম। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড হচ্ছে, যা দিন ও রাতের মধ্যে তাপমাত্রার বড় পার্থক্য নির্দেশ করে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানিয়েছেন, হিমালয়সংলগ্ন হওয়ায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা বেশি হয়ে থাকে। তিনি বলেন, তাপমাত্রা ক্রমশই কমছে এবং নভেম্বরের মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও কমতে পারে। সন্ধ্যার পর থেকেই উত্তরীয় হিমেল বাতাসের সঙ্গে হালকা কুয়াশা পড়তে শুরু করায় শীতের অনুভূতি বৃদ্ধি পাচ্ছে।এদিকে তাপমাত্রা কমায় জেলার জনজীবনে এর প্রভাব পড়তে শুরু করেছে।
লেপ-তোশকের দোকানগুলোতে ব্যস্ততা বেড়েছে, পাশাপাশি বিভিন্ন গরম কাপড়ের দোকানেও বিক্রি বেড়েছে। শীতের পিঠাপুলি তৈরির ধুম পড়েছে এবং সড়কের পাশের দোকানগুলোতে মানুষ ভিড় করে পিঠার স্বাদ উপভোগ করছেন। অন্যদিকে, ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগে আক্রান্তের হারও বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি পরিমাণে সর্দি, কাশি, নিউমোনিয়ার মতো রোগে আক্রান্ত হচ্ছেন। ফলে জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর চাপও বেড়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন