বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১২.৬ ডিগ্রি সেলসিয়াস

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ০৯:৫৫ এএম

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১২.৬ ডিগ্রি সেলসিয়াস

এক সপ্তাহ পর আবারও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল বাতাস ও হালকা কুয়াশায় তীব্র ঠান্ডা অব্যাহত রয়েছে এ জেলায়। যদিও গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল,

তবে আজকের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে।রোববার (২৩ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের তথ্য মতে, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল রেকর্ড ৯৭ শতাংশ। এর আগে শনিবার (২২ নভেম্বর) সকালে তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, "এ অঞ্চলটি হিমালয়ের কাছাকাছি হওয়ায় তীব্র শীত অনুভূত হয়ে থাকে। আজকে তেঁতুলিয়ার তাপমাত্রা আবারও ১২ ডিগ্রি ঘরে নেমে গেছে। এতে কনকনে শীত অনুভূত হচ্ছে।" তিনি জানান, সামনের দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।এদিকে, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরাঞ্চলের জনজীবন চরম ভোগান্তিতে পড়েছে।

রাত থেকে পরদিন সকাল পর্যন্ত পঞ্চগড়ে কুয়াশায় ঢেকে যাচ্ছে সড়ক-মহাসড়ক, যার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। খেটে খাওয়া মানুষজন সকালে কাজে বের হতে পারছেন না। গ্রামীণ এলাকায় মানুষজন গরম কাপড় ও আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। অন্যদিকে, ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগে আক্রান্তের হার বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছেন এবং হাসপাতালগুলোতে রোগীর চাপও বেড়েছে।