নভেম্বর ২৪, ২০২৫, ১২:১৭ পিএম
দক্ষিণ আন্দামান সাগর ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (২২ নভেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি সুস্পষ্ট লঘুচাপ একই এলাকায় অবস্থান করছে।
এটি আরও ঘনীভূত হতে পারে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আজ সোমবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে:আকাশের অবস্থা: অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।কুয়াশা: ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।তাপমাত্রা: সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী দুই দিন (মঙ্গলবার ও বুধবার) সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এরপর বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী ৫ দিনে আবহাওয়ার কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন