রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১০, ২০২৬, ০১:১৮ পিএম

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

হাড়কাঁপানো শীত আর ঘন কুয়াশার দাপটের মধ্যেই সারা দেশে তাপমাত্রার সামান্য বৃদ্ধির সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১০ জানুয়ারি) সকালে দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তাপমাত্রা বাড়ার আভাস থাকলেও উত্তরাঞ্চলসহ দেশের বড় একটি অংশে শৈত্যপ্রবাহের দাপট এখনই কমছে না। আবহাওয়া অফিস জানিয়েছে।

যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।

আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন এখানে তাপমাত্রা ছিল ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা বাড়লেও কনকনে হিমেল বাতাসের কারণে জনজীবনে শীতের তীব্রতা অপরিবর্তিত রয়েছে।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার কারণে সড়ক ও নৌপথে যান চলাচল বিঘ্নিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি বর্তমানে দুর্বল হয়ে নিম্নচাপ আকারে উত্তর-পূর্ব শ্রীলঙ্কা উপকূলে অবস্থান করছে। এটি আজ (শনিবার) বিকেলের মধ্যে উত্তর শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার প্রভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।সারাদেশে জানুয়ারি মাসজুড়েই শীতের এই তীব্রতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।