এপ্রিল ২৯, ২০২৬, ১০:৫৯ এএম
গভীর সঞ্চালনশীল মেঘমালা বিরাজ করায় দেশের সব বিভাগেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বজ্রপাত, দমকা হাওয়া ও শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ।
চলমান বৃষ্টিপাতের স্থায়িত্ব নিয়ে এই আবহাওয়াবিদ জানান, আগামী ৪ মে পর্যন্ত দেশজুড়ে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপর তাপমাত্রা আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে। একই সময়ে রাজধানীতে ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়াবিদ বজলুর রশিদ আরও জানান, ভারী বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন মহানগরগুলোতে বিশেষ করে নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।
পরিস্থিতির ওপর নজর রেখে দেশের সকল সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।
সাধারণত বৈশাখ মাসের এই সময়ে পশ্চিমা লঘুচাপের প্রভাবে কালবৈশাখী ও ভারী বৃষ্টির প্রবণতা বাড়ে। আবহাওয়ার এই বৈরী পরিস্থিতিতে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে এবং বজ্রপাত থেকে বাঁচতে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন