রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে; বন্যার শঙ্কা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৪, ২০২৬, ০৪:৩৬ পিএম

দেশের ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে; বন্যার শঙ্কা

দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সাতটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে হাওর সংশ্লিষ্ট জেলাগুলোতে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার (৪ মে) সকাল ৯টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নেত্রকোনার জারিয়াজঞ্জাইলে ৭৪ মিলিমিটার, হবিগঞ্জে ৭৪ মিলিমিটার এবং চাঁদপুর-বাগান এলাকায় ৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর ফলে হাওরাঞ্চলের তিন জেলার সাতটি নদীর আটটি পর্যবেক্ষণ স্টেশনে পানি প্রাক-মৌসুমি বিপৎসীমা অতিক্রম করেছে।

পাউবো জানিয়েছে, সুনামগঞ্জের নলজুর নদীর পানি জগন্নাথপুর পয়েন্টে ৪থি সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নেত্রকোনার ধনু-বাউলাই নদীর পানি জারিয়াজঞ্জাইলে ৮ সেন্টিমিটার এবং সোমেশ্বরী নদীর পানি কলমাকান্দায় ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এ ছাড়া ভুগাই-কংশ নদী, মগরা নদী এবং হবিগঞ্জের কালনী ও সুতাং নদীর পানিও বিপৎসীমার ওপরে রয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্যমতে, সুনামগঞ্জের হাওর অঞ্চলে নদীগুলোর পানি ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে সেখানে প্রতি ঘণ্টায় প্রায় ০ থেকে ১ সেন্টিমিটার হারে পানি বৃদ্ধি পাচ্ছে। পাউবো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিম্নাঞ্চলগুলোতে বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে।

এদিকে আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। উত্তর-পূর্বাঞ্চলের বৃষ্টিপাত ও উজানের ঢল অব্যাহত থাকলে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।