মে ১৭, ২০২৬, ০১:১৩ পিএম
ঢাকাসহ দেশের ৪ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার (১৭ মে) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় দেশের চার বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।সংস্থাটি জানিয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট এই ৪ বিভাগে ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তবে রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মঙ্গলবারও ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবারও দেশের ৪ বিভাগে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া আগামী পাঁচ দিন পর সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন