মে ২৯, ২০২৬, ১০:৪৯ এএম
দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টিসহ তীব্র ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আজ শুক্রবার ভোর থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রংপুর ও রাজশাহীসহ বেশ কিছু এলাকায় এই সতর্কতা জারি করা হয়েছে।অন্য অঞ্চলগুলো হলো পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট।
আবহাওয়া অফিস জানিয়েছে এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর পাশাপাশি আজ সন্ধ্যা পর্যন্ত দেশের অন্য বিভাগগুলোর আবহাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে।
রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া চলতে পারে। সেই সাথে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কোথাও কোথাও ভারী বর্ষণ ও বজ্রপাত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন