রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

টানা বৃষ্টি নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে?

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ০৩:১২ পিএম

টানা বৃষ্টি নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে?

ছবি - সংগৃহীত

মৌসুমি বায়ুর প্রভাবে কদিন ধরেই বাংলাদেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর প্রভাবে নদনদীর পানি বেড়ে অনেক জায়গায় আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে।টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য জেলার অনেক এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

গত তিন দিনে চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা কিংবা নদীর পানি প্লাবিত হয়ে অনেক এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবারও চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও মেঘালয়ে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদনদীর পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বর্তমানে বাংলাদেশের ছয়টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর বাইরে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে।

প্রতিষ্ঠানটির সবশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের ভেতরে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে। এদিকে বাংলাদেশের উজানে ভারতের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা পানির চাপ বাড়াতে ভূমিকা রাখছে।