জুলাই ১৩, ২০২৬, ০৫:১৯ পিএম
পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে গত কয়েকদিন ধরে চলা ভারী বৃষ্টির জন্য দায়ী বৃষ্টিবলয়টি বর্তমানে দুর্বল হয়ে পড়েছে। বিডব্লিউওটি অফিসিয়ালের সর্বশেষ তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টির তীব্রতা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। আগামী ২ থেকে ৩ দিন এই অঞ্চলে তুলনামূলক কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।বৃষ্টিবলয়টি এখন আগের চেয়ে অনেক দুর্বল।
চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের অনেক এলাকায় সাময়িকভাবে আবহাওয়ার উন্নতি দেখা গেলেও, বিচ্ছিন্নভাবে হালকা বা ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।এদিকে সিলেট বিভাগেও বর্তমানে বৃষ্টির প্রবণতা কম। তবে আজ রাতের দিকে কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এবং এরপর আগামীকাল থেকে সেখানে বৃষ্টির পরিমাণ আরও কমে আসার পূর্বাভাস দেওয়া হয়েছে।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, বিশেষ করে খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। আবহাওয়া পর্যবেক্ষণ টিমের তথ্য অনুযায়ী, আজ মধ্যরাত থেকে আগামীকাল দুপুরের মধ্যে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো স্থানে অতিভারী বর্ষণও হতে পারে।
পর্যায়ক্রমে আগামীকাল থেকে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের বিস্তৃতি ও পরিমাণ কমে আসবে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে।সামগ্রিকভাবে বৃষ্টিপাতের তীব্রতা কমতে শুরু করলেও বর্ষাকালের স্বাভাবিক বৈশিষ্ট্য অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা এখনো বিদ্যমান রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণ টিম।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন