রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের ১০ জেলায় বন্যা হতে পারে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৫, ২০২৬, ১১:৪৫ পিএম

দেশের ১০ জেলায় বন্যা হতে পারে

Ai - ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ এবং সীমান্তবর্তী উজানের ঢলের কারণে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টার মধ্যে দেশের দশটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বুধবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র নদ-নদীর বর্তমান পরিস্থিতি তুলে ধরে এই আশঙ্কার কথা জানিয়েছে। 

নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিশেষ করে নিম্নাঞ্চলগুলোতে পানি প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি গত চব্বিশ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে.আগামী দুই দিনও এই নদীগুলোর পানি বাড়তে পারে বলে জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র। এর ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী-সংলগ্ন নিচু এলাকাগুলোতে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়ে আকস্মিক প্লাবন দেখা দিতে পারে। 

একইভাবে উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলে এর প্রভাবে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে ময়মনসিংহ বিভাগের নদীগুলোর পানি বাড়ার ফলে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং আগামী পাঁচ দিন এই ধারা বজায় থাকতে পারে।একই সঙ্গে গঙ্গা-পদ্মা এবং চট্টগ্রাম বিভাগের নদীগুলোর পানি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে।