অক্টোবর ২০, ২০২৫, ১১:০৯ এএম
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী মঙ্গলবার (২১ অক্টোবর) নাগাদ একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই লঘুচাপটি পরবর্তীতে আরও ঘনীভূত হয়ে একটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার সই করা সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে আকাশ আংশিক মেঘলা থাকবে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (২১ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, তবে দেশের অন্যত্র আবহাওয়া শুষ্কই থাকবে।
তবে, বুধবার (২২ অক্টোবর) থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন