অক্টোবর ২২, ২০২৫, ১০:৩৮ এএম
কার্তিক মাসের শুরুতে সারা দেশ থেকে বৃষ্টিপাত বিদায় নেওয়ার পর তাপমাত্রা ও গরমের তীব্রতা বেড়েছে। এরই মধ্যে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট একটি লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই সিস্টেমটি আরও ঘনীভূত হতে পারে এবং এটি একটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, সুস্পষ্ট লঘুচাপটি আজ বুধবারই (২২ অক্টোবর) নিম্নচাপে পরিণত হতে পারে।
তিনি আরও বলেন, সিস্টেমটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে যেহেতু বর্ষা মৌসুম শেষ হয়েছে, তাই সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে। নিম্নচাপটি তৈরি হলে এর গতিপথ সম্পর্কে আজই ধারণা পাওয়া যেতে পারে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, এই সিস্টেমের প্রভাবে দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন