রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

৫ লাখ বিদেশী শ্রমিক নেবে ইতালি, তবে যোগ্য ও ভাষাজ্ঞানসম্পন্ন কর্মী চান কৃষকরা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৮, ২০২৫, ০৭:১০ পিএম

৫ লাখ বিদেশী শ্রমিক নেবে ইতালি, তবে যোগ্য ও ভাষাজ্ঞানসম্পন্ন কর্মী চান কৃষকরা

ইতালি সরকার আগামী তিন বছরের জন্য প্রায় ৫ লাখ বিদেশী শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে এবং ২০২৬ সাল থেকে ধাপে ধাপে প্রতি বছর শ্রমিকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে, যেখানে বিশেষ করে কৃষি খাতের মৌসুমী কর্মীর চাহিদা মেটাতে কোটা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

তবে, ইতালির কৃষক সংস্থার প্রেসিডেন্ট মত দিয়েছেন যে, কেবল সংখ্যা বাড়ানোই যথেষ্ট নয়, বরং এই খাতে প্রয়োজন যোগ্য ও ভাষাজ্ঞানসম্পন্ন শ্রমিক। তিনি দাবি করেন, শ্রমিকদের ভাষার সীমাবদ্ধতা এবং পেশাগত প্রশিক্ষণের ঘাটতি কাজের মান ও নিরাপত্তা – উভয়কেই প্রভাবিত করছে।

এ কারণে তিনি বাংলাদেশ, পাকিস্তান, ভারত এবং উত্তর আফ্রিকার মতো দেশগুলোর শ্রমিকদের ইতালিতে আসার আগে ভাষা শেখা বাধ্যতামূলক করার পক্ষে মত দেন। অন্যদিকে, দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরাও মনে করছেন, বিদেশী শ্রমিকদের জন্য ইতালীয় ভাষা শেখা শুধু কথা বলার জন্য নয়, বরং চুক্তিপত্র, বেতন, কাজের শর্তাবলী এবং আইনগত বিষয়গুলো নিজে বুঝে নেওয়ার জন্য অত্যন্ত জরুরি, যাতে মালিক পক্ষ তাদের ঠকাতে না পারে এবং তারা কোনো আইনি বিপদে না পড়েন।

তবে শ্রমিকদের পক্ষ থেকে দাবি উঠেছে যে, প্রথমে ন্যাজ্য মজুরি, মানবিক আবাসন এবং শোষণমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা হোক। তাদের মতে, শ্রমিকদের মৌলিক অধিকার সুরক্ষিত না হলে কোটা বাড়ানোর তেমন ফল পাওয়া যাবে না। এছাড়াও, কৃষক সংস্থার প্রেসিডেন্ট উল্লেখ করেন যে, ক্ষুদ্র ও বৃহৎ উভয় প্রতিষ্ঠানের জন্যই কাজ পেতে আমলাতান্ত্রিক জটিলতা একটি বড় বাধা। এই সমস্যা কাটিয়ে উঠতে তিনি শ্রমবাজারে নমনীয়তা আনতে, আমলাতান্ত্রিক চাপ কমাতে এবং কর ও বীমা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে ভাউচার বা কাজের কুপন পদ্ধতি পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন।